আসছে নকিয়ার ‘অ্যারো’ ও ‘ফাই’
আগামী ৫ সেপ্টেম্বর মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর দুটি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে নকিয়া। নকিয়া ও মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের উল্লেখ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, নকিয়ার লুমিয়া সিরিজে নতুন দুটি স্মার্টফোনের নাম হতে পারে ‘অ্যারো’ ও ‘ফাই’।নকিয়ার ‘ফাই’ স্মার্টফোনটির বিপণন করবে যুক্তরাষ্ট্রের টেলিকম প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি। লুমিয়া ৮০০ ও লুমিয়া ৯০০ স্মার্টফোনের পরবর্তী সংস্করণ হিসেবে ‘ফাই’ স্মার্টফোনটিতে থাকবে বড় আকারের বাঁকানো স্ক্রিন। এ স্মার্টফোনটি পলিকার্বনেট বা শক্ত প্লাস্টিকের তৈরি হবে। ‘অ্যারো’ স্মার্টফোনটি দামের দিক থেকে ফাইয়ের তুলনায় সাশ্রয়ী হবে। এ স্মার্টফোনটি এটিঅ্যান্ডটি ও টি মোবাইল বাজারে আনবে। ফাই ও অ্যারোর পাশাপাশি ‘অ্যাটলাস’ নামে একটি স্মার্টফোন তৈরি করছে নকিয়া। অ্যাটলাস বাজারে আনতে পারে ভেরিজন নেটওয়ার্ক।নকিয়া ও মাইক্রোসফট কর্তৃপক্ষ অবশ্য নতুন এই স্মার্টফোনগুলোর দাম ও যন্ত্রাংশের বিষয়ে কোনো তথ্য জানায়নি।