আসছে নতুন গিয়ার ভিআর

নতুন গিয়ার ভিআর (ভার্চ্যুয়াল রিয়্যালিটি হেডসেট) তৈরি করছে স্যামসাং ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট সুং-হুন হং জানিয়েছেন, দুই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে স্যামসাং। একটি হচ্ছে ভার্চ্যুয়াল রিয়্যালিটি এবং আরকেটি অগমেন্টেড রিয়্যালিটি সিস্টেম।
এর মধ্যে একটি হচ্ছে স্যামসাংয়ের গিয়ার ভিআর হেডসেটের পরবর্তী সংস্করণ এবং আরেকটি হচ্ছে মাইক্রোসফট হলোলেন্স বা ম্যাজিক লিপের মতো রিয়্যালিটি যন্ত্র। এর মধ্যে গিয়ার ভিআর শিগগিরই বাজারে ছাড়া হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভার্চ্যুয়াল রিয়্যালিটি নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগ দেন হং। সেখানে তিনি বলেন, ‘লাইট ফিল্ড ইঞ্জিন’ তৈরি করছে স্যামসাং, যা সত্যিকারের বাস্তবিক হলোগ্রাম তৈরি করতে সক্ষম হবে। ভার্চ্যুয়াল রিয়্যালিটির তুলনায় অগমেন্টেড রিয়্যালিটির ব্যবসা সম্ভাবনা বেশি। আগামী বছরের ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই প্রযুক্তি দেখানো হবে।
অগমেন্টেড রিয়্যালিটি হলো নির্দিষ্ট সময়ে চারপাশের বাস্তব পরিবেশের বিশেষ একটি রূপ, যা কম্পিউটার পরিচালিত বিভিন্ন সেন্সর, যেমন: শব্দ, ভিডিও, ছবি ইত্যাদির সমন্বয়ে তৈরি করা হয়। অন্যভাবে বলতে গেলে কম্পিউটারের মাধ্যমে চারপাশের পরিবেশের বিভিন্ন উপাদান সম্পূর্ণ বা আংশিক পরিবর্তন বা নতুন উপাদান সংযোজন করে পরিবেশের একটি ভিন্ন রূপ উপস্থাপন করা হয়। আর এই পরিবর্তনগুলোই তখন বাস্তবতার অংশ বলে মনে হয়। অগমেন্টেড রিয়্যালিটির নানা ব্যবহার আছে। কখনো কখনো চারপাশের পরিবেশের বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয়, আবার কখনো কখনো প্রাসঙ্গিক তথ্য দিয়ে কাজকে আরও সহজ করে দেয়।
এর আগে স্যামসাং হলোগ্রাফিক টিভির পেটেন্ট করিয়েছে। তবে হং তাঁর বক্তব্যে পরিধানযোগ্য কম্পিউটিং সুবিধার পণ্যের কথা বলেছেন। অন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে এ পণ্য তৈরি করতে পারে স্যামসাং। ইতিমধ্যে অকুলাসের সঙ্গে যুক্ত হয়ে এ ধরনের পণ্য তৈরি করেছে স্যামসাং। গুগলের ডেড্রিম ভার্চ্যুয়াল রিয়্যালিটি প্ল্যাটফর্ম ব্যবহার করে ফোন তৈরির ঘোষণাও দিয়েছে স্যামসাং। বর্তমানে বাণিজ্যিকভাবে অগমেনটেড রিয়্যালিটি প্রযুক্তি থাকলেও তা কেবল হেডস-আপ ডিসপ্লেতে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তি আরও সহজলভ্য করতে কাজ করছে স্যামসাং। তথ্যসূত্র: দ্য ভার্জ।