আসছে নতুন গ্যালাক্সি ফ্যাবলেট

স্মার্টফোন ও ট্যাবলেটের ফিচারযুক্ত বড় মাপের ফ্যাবলেট বাজারে আনছে স্যামসাং। আগামী মাসেই গ্যালাক্সি সিরিজের নতুন পণ্য হিসেবে এই ফ্যাবলেট বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, সেপ্টেম্বর মাসে গ্যালাক্সি নোট ৪-এর দুটি সংস্করণ বাজারে আনবে স্যামসাং। ৩ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে আইএফএ টেক এক্সপোতে ৫.৭ ইঞ্চি মাপের একটি ফ্যাবলেট ও নমনীয় ডিসপ্লের একটি স্মার্টফোনের ঘোষণা দিতে পারে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল এ তথ্য প্রকাশ করেছে।
গ্যালাক্সি নোট ফোর ফ্যাবলেটে থাকবে ২০.৭ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে ফিচার হিসেবে থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। এ ফ্যাবলেটের সাহায্যে ফোরকে রেজুলেশন বা হল কোয়ালিটির ভিডিও ধারণ করা যাবে।
এতে চার জিবি র্যাম ও ৬৪ বিটের প্রসেসর থাকবে। ফোরজি, ওয়াই-ফাই সুবিধার এই ফ্যাবলেটে তিন হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। ধুলা ও পানি-রোধী এই ফ্যাবলেটের সঙ্গে নতুন স্মার্টওয়াচও বাজারে আনতে পারে স্যামসাং।