দেশের বাজারে আসছে নতুন নেটওয়ার্ক-ব্যবস্থা ‘বর্ডারলেস নেটওয়ার্ক’ নামে বাংলাদেশে আসছে নতুন একধরনের নেটওয়ার্ক-ব্যবস্থা। কোনো প্রতিষ্ঠানে এই স্বতন্ত্র নেটওয়ার্ক-ব্যবস্থা থাকলে যেকোনো গ্রাহক সেই প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যসুবিধা ওয়েবসাইটের সাহায্য ছাড়াই পেয়ে যাবেন। শিগগিরই বাংলাদেশে এই নেটওয়ার্ক-সেবা চালু হতে যাচ্ছে। গত সোমবার ঢাকায় ইন্টারন্যাশনাল ডেটা গ্রুপের (আইডিজি) আয়োজনে ‘রিইনভেনটিং দ্য নেটওয়ার্ক ইন দ্য কনটেক্সট অব সিকিউরিটি’ শিরোনামে এক আলোচনা সভায় এই তথ্য দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন দ্য অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, ব্র্যাক আইটি সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্র্যাক ব্যাংকের প্রধান কারিগরি কর্মকর্তা নাভেদ ইকবাল, ব্র্যাক ব্যাংকের হেড অব ইনফরমেশন সিকিউরিটি শ্যামল দাস এবং সিসকো সিস্টেম ইন্ডিয়া অ্যান্ড সার্কের ভাইস প্রেসিডেন্ট কৌশিক নাথ। সভায় নতুন এই ‘বর্ডারলেস নেটওয়ার্ক’-ব্যবস্থার নিরাপত্তা, প্রবেশের সুযোগ, মোবিলিটি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।আবু সাঈদ খান বলেন, ‘এর সফলতা নির্ভর করবে নিরাপত্তার ওপর। কেননা, একটি প্রতিষ্ঠান তাদের তথ্য বিনিময় করতে গিয়ে যদি পুরো নেটওয়ার্ক হুমকির মুখে পড়ে, তাহলে সিস্টেমটি গ্রহণযোগ্যতা হারাবে।’ এ সময় শ্যামল দাস বলেন, ‘নতুন এই নেটওয়ার্ক-ব্যবস্থা গ্রাহকের জন্য যত সহজ করা যাবে, ততই জনপ্রিয়তা পাবে। তবে সবকিছুর পরও আবার একটি বিষয় উল্লেখ করতে হচ্ছে, তা হলো নিরাপত্তা।’কৌশিক নাথ বলেন, ‘বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার দিনে দিনে বাড়ছে। এ রকম দ্রুত সেবা নিশ্চিত করতে “বর্ডারলেস নেটওয়ার্ক” অগ্রগণ্য ভূমিকা পালন করবে। কারণ এই নেটওয়ার্ক ব্যবহারের ফলে গ্রাহকের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা সম্ভব হবে। যা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা সম্ভব নয়।’ আলোচনা সভা সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল ডেটা গ্রুপের (বাংলাদেশ) প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল এন রহমান। —রাকিব মোজাহিদ