আসছে নতুন নেক্সাস ৭

উন্নত হাই-ডেফিনেশন বা এইচডি সুবিধা যুক্ত নেক্সাস ৭ ট্যাবলেটের নতুন একটি সংস্করণের ঘোষণা দিতে পারে গুগল। যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে ১৫ মে থেকে অনুষ্ঠিতব্য গুগল আই/ও সম্মেলনে গুগলের পক্ষ থেকে নেক্সাস ট্যাবলেটের এ নতুন সংস্করণের ঘোষণা আসতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপলইনসাইডারে গুগলের নেক্সাস ট্যাব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে কেজিআই-এর প্রযুক্তি বিশ্লেষক -মিং-চি কোউয়ের বরাতে বলা হয়েছে, এবারের আই/ও সম্মেলনে পরবর্তী প্রজন্মের সাত ইঞ্চি ট্যাবলেটের সঙ্গে পরিচয় করিয়ে দেবে গুগল। এ ট্যাবলেটের ডিসপ্লে হবে উন্নত রেজুলেশনের। ট্যাবটিতে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, তারবিহীন চার্জিং প্রযুক্তি যুক্ত হতে পারে।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যান্ড্রয়েডনির্ভর নতুন ট্যাবলেটটির দাম ১৯৯ ডলার রাখতে পারে গুগল। জেলি বিন অপারেটিং সিস্টেমের পাশাপাশি এ ট্যাবলেটটির জন্য গুগলের নতুন সংস্করণের অপারেটিং সিস্টেক আপগ্রেডের সুযোগ রাখা হতে পারে। তাঁরা আরও ধারণা করছেন, এ সম্মেলনে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণেরও ঘোষণা আসতে পারে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটির কাছ থেকে। এ ছাড়াও আই/ও সম্মেলন ঘিরে গেম সংশ্লিষ্ট বিষয়গুলোতেও উন্নয়নের ঘোষণা দিতে পারে গুগল।