আসছে নমনীয় ব্যাটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার উলসান ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষক সম্প্রতি প্রথমবারের মতো নমনীয় স্মার্টফোনের উপযোগী এবং লিথিয়াম আয়নের চেয়ে উন্নতমানের ব্যাটারি তৈরি করেছেন। প্রধান গবেষক অধ্যাপক লি স্যাং-ইয়াং জানিয়েছেন, এতে বিশেষ ধরনের তরল আকারের পলিমার ইলেকট্রোলাইডস ব্যবহার করা হয়েছে। এ ব্যাটারি চার্জ করতেও কম সময় লাগবে। ধারণা করা হচ্ছে, নতুন এ ব্যাটারি উদ্ভাবনের ফলে সহজেই নমনীয় পর্দার স্মার্টফোন তৈরি করা সম্ভব হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে স্মার্টফোনের পাশাপাশি অনেক প্রযুক্তিপণ্যেরই চেহারা পাল্টে দেবে এ নমনীয় ব্যাটারি। গবেষকেরা বলেছেন, নতুন এ ব্যাটারি বর্তমানে প্রচলিত ব্যাটারিগুলোর তুলনায় বেশি কার্যকর হবে এবং অনেক বেশি নির্ভরযোগ্য। তা ছাড়া এতে বিপদের আশঙ্কাও কম। এরই মধ্যে নমনীয় পর্দার স্মার্টফোন তৈরি করার কাজও শুরু করেছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং। এ বছরের মাঝামাঝি সময়ে নমনীয় এ ব্যাটারি বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে। —টেলিগ্রাফ, হাফিংটন পোস্ট অবলম্বনে প্রদীপ সাহা