আসছে পচনশীল গাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষকেরা সম্প্রতি একটি অদ্ভুত গাড়ি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তাঁরা বাঁশ, র‌্যাটন, নাইলন ও স্টিল ব্যবহার করে এ ধরনের গাড়ি তৈরি করেছেন। তবে এটি কোনো সাধারণ গাড়ি নয়। গাড়িটি পুরোনো হয়ে গেলে নিজে থেকেই পচে যাবে এবং মিশে যাবে পরিবেশের সঙ্গে। এটি হলো বিশ্বের প্রথম পচনশীল গাড়ি। মজার এই গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘ফিনিক্স রোডস্টার’। গাড়িটির নকশা করেছেন ফিলিপাইনের নকশাবিদ কেনেথ কোবনপু ও আলব্রেস্ট ব্রিকনার। গাড়িটি তৈরি করতে সময় লেগেছে মাত্র ১০ দিন। এই গাড়ি দৈর্ঘ্যে ১৫৩ ইঞ্চি এবং এটি বিদ্যুৎ-শক্তিতে চলে। সহজেই পচে যায় এমন তন্তু বা ত্বক ব্যবহার করা হয়েছে গাড়িটির কাঠামোতে। শিল্পোন্নত দেশে একজন মানুষ গড়ে পাঁচ বছর একটি গাড়ি চালায়—এ কথা মাথায় রেখেই গাড়িটির পচনশীল কাঠামো বা চামড়া তৈরি করা হয়েছে। সাধারণত গাড়িটি টিকবে পাঁচ থেকে দশ বছর। কিন্তু যদি গাড়ির মালিক ইচ্ছা করে গাড়িটিকে আরও বেশি টিকিয়ে রাখবেন, তবে গাড়িতে ব্যবহূত চামড়া নতুন করে কিনে চেসিসের ওপর লাগাতে হবে। গাড়িতে ব্যবহূত চামড়া সহজেই পরিবর্তন করা যায় এবং পছন্দ অনুযায়ী তাকে নির্দিষ্ট কাঠামো দেওয়া যায়। কোবনপু বলেন, ভবিষ্যতে জৈব তন্তু থেকে পরিবেশবান্ধব গাড়ি তৈরির জন্য সচেতনতা বাড়াতেই এই পচনশীল গাড়িটি তৈরি করা হয়েছে। গবেষকেরা দাবি করেছেন, ভবিষ্যতে জৈব প্রযুক্তি এবং পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর গাড়ি তৈরির পথ খুলে দেবে এই পচনশীল গাড়ি। গবেষকদের মতে, গাড়িটি ছোট হলেও এটি একটি বড় সমস্যার সমাধান করবে।—ডিজিটাল ট্রেন্ডস ও টেক জার্নাল অবলম্বনে প্রদীপ সাহা