আসছে প্রথম মাইক্রোসফট লুমিয়া ফোন

নকিয়া ব্র্যান্ড নামটি বাদ দেওয়ার পাশাপাশি নিজস্ব ব্র্যান্ডের লুমিয়া ফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। শিগগিরই বাজারে আসবে মাইক্রোসফট লুমিয়া ফোন। নকিয়া কনভারসেশন ব্লগে সম্প্রতি মাইক্রোসফট লুমিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে এ তথ্য।
মাইক্রোসফট ফোনের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট টুলা রাইটিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে মাইক্রোসফট লুমিয়া সম্পর্কে জানিয়েছেন। রাইটিলা জানান, শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে মাইক্রোসফট ব্র্যান্ডের স্মার্টফোন। অবশ্য ঠিক কবে নাগাদ তা বাজারে আসবে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
রাইটিলা বলেন, স্বাভাবিকভাবেই বলা যায়, একসময় নকিয়া থেকে যেভাবে পণ্য আসত, এবারে মাইক্রোসফট থেকেও সেভাবেই বাজারে পণ্য আসবে।
তিনি বলেন, নকিয়া নামটি মুছে দেওয়া হবে। এখন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ও স্থানীয় ওয়েবসাইটগুলোর নাম পরিবর্তন চলছে। পরবর্তী সময়ে সোশ্যাল চ্যানেলগুলোর নামও বদলে যাবে। এ ছাড়া রিব্র্যান্ডিং করে নকিয়ার নাম মুছে ফেলা হবে সব পণ্য, প্যাকেজিং ও খুচরা বিক্রির ক্ষেত্রগুলোতে। অর্থাৎ নকিয়ার যত স্টোর আছে, সেগুলোর নামও আর থাকবে না। নকিয়ার স্টোরগুলোর নাম হবে লুমিয়া আউটলেট।
অবশ্য, নকিয়ার ফোন ব্যবহারকারীদের দুশ্চিন্তা না করারই পরামর্শ দিয়েছেন মাইক্রোসফটের ফোন বিপণন বিভাগের প্রধান।
রাইটিলা এ প্রসঙ্গে বলেন, বর্তমানে বাজারে নকিয়া লুমিয়া ব্র্যান্ডের যে ফোনগুলো আছে তার বিক্রি চালিয়ে যাবে মাইক্রোসফট। এ ফোনগুলোতে সমর্থন ও সেবা অব্যাহত রাখা হবে। এ ছাড়া গ্রাহক ওয়ারেন্টির বিষয়টিও সম্মান দেখানো হবে।
এদিকে, ফিচার ফোনের বেলায় নকিয়া ব্র্যান্ডের ফিচার ফোন বিক্রি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মাইক্রোসফটের কর্মকর্তা।
বাজার বিশ্লেষকেরা বলছেন, এ বছরের এপ্রিলে ৭২০ কোটি মার্কিন ডলার দামে মাইক্রোসফট কর্তৃপক্ষ নকিয়ার ফোন বিভাগটি কিনে নিলেও এত দিন নকিয়া ব্র্যান্ডের অধীনেই মোবাইল ফোন বাজারে ছেড়েছে। সম্প্রতি লুমিয়া ৭৩০ ও ৮৩০ ফোন দুটিও নকিয়া ব্র্যান্ডের অধীনেই ছেড়েছে মাইক্রোসফট। তবে এ দুটিই নকিয়া ব্র্যান্ডের শেষ স্মার্টফোন হতে পারে।
মাইক্রোসফটের কাছে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়ার মোবাইল ফোন ইউনিটটি বিক্রি হয়ে গেলেও এখনো হেয়ার ম্যাপস ও নেটওয়ার্ক সেবাদাতা হিসেবে নকিয়ার অস্তিত্ব থেকে যাচ্ছে। নকিয়া কর্তৃপক্ষ ২০১৫ সালের শেষ নাগাদ নকিয়া ব্র্যান্ড নামে কোনো স্মার্টফোন বা ফিচার ফোন আনতে পারবে না বলেই মাইক্রোসফটের সঙ্গে চুক্তিতে গেছে।