আসছে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির এস ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ রকম হতে পারে গ্যালাক্সি এস ৫
এ রকম হতে পারে গ্যালাক্সি এস ৫

গ্যালাক্সি এস৫ স্মার্টফোনের টাচ স্ক্রিনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা-প্রতিষ্ঠান স্যামসাং।
কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরো স্মার্টফোনের ডিসপ্লের পরিবর্তে ডিসপ্লের নিচের বাম থেকে ডান কোনার দিকে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করবে স্যামসাং। তবে পরবর্তীতে পুরো ডিসপ্লেতেও এই সুবিধা যুক্ত হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামীতে স্মার্টফোনের টাচ স্ক্রিনের ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য জানা সম্ভব হবে। স্ক্যানিং করে শরীরের তাপমাত্রা, রক্তচাপের তথ্য স্মার্টফোনের পাওয়া যাবে। একদিকে স্মার্টফোনের নিরাপত্তা ও অন্যদিকে স্মার্টফোনের সাহায্যে স্বাস্থ্য সুরক্ষা দুটাই স্যামসাংয়ের স্মার্টফোনে পাওয়া যাবে।
ফেব্রুয়ারি ২৪ তারিখে গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টফোন ‘এস ৫’ উন্মুক্ত করতে যাচ্ছে স্যামসাং। এটি হবে স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি এস ৪-এর পরবর্তী সংস্করণ। এই স্মার্টফোনটিতে নতুন টাচ প্যানেল প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে স্যামসাং। এতে চার স্তরের টাচ প্রযুক্তির পরিবর্তে মাত্র একটি স্তরের টাচ প্যানেল প্রযুক্তি থাকবে যা স্মার্টফোনের ছবি ও ভিডিও আরও পরিষ্কার দেখাবে। এই টাচ স্ক্রিন হবে বর্তমানে প্রচলিত টাচ প্যানেলের চেয়ে আরও পাতলা। এটি দস্তানা হাতে পরেও ব্যবহার করা যাবে।  

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘স্যামসাং আনপ্যাকড ৫’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে এ স্মার্টফোনটি উন্মুক্ত করবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

মার্কিন বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, গ্যালাক্সি এস ৫ স্মার্টফোনটির ডিসপ্লে হবে বড় মাপের এবং এতে থাকবে উন্নত ফিচার। তবে স্মার্টফোনটির দাম সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং কর্তৃপক্ষ।