আসছে ফেসবুকের ৩৬০ ডিগ্রি ভিডিও অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারচুয়াল রিয়েলিটি সুবিধা যোগ করার অংশ হিসেবে ফেসবুক ৩৬০ ডিগ্রি ভিডিও দেখার মোবাইল অ্যাপ নিয়ে আসছে। এর ফলে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী ভিডিও দেখার সুযোগ পাবেন। ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের মতোই নতুন এই অ্যাপে থাকছে নানা সুবিধা। তবে অ্যাপটি এখনো উন্নয়নের পর্যায়ে আছে বলে জানা গেছে। শুরুতে অ্যাপটির অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণ বাজারে ছাড়া হতে পারে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের গুগলের মতো করে নানা ধরনের সুবিধা দিতে কাজ করে যাচ্ছে। গত বছর ফেসবুক ডেভেলপারদের সম্মেলন এফ৮-এ ভারচুয়াল রিয়েলিটির ভিডিও দেখিয়েছিলেন ফেসবুকের গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট জয় পারিখ। সে সময় দেখানো হয় ফেসবুকের নিউজ ফিডে কীভাবে ব্যবহারকারীদের নানা ধরনের হালনাগাদের পাশাপাশি ভিডিও দেখার সুবিধা চালু করা হবে।
২০০ কোটি ডলারের বিনিময়ে ভারচুয়াল রিয়েলিটি প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অকুলাস ভিআর অধিগ্রহণ করার পরই ফেসবুক এ নিয়ে নানা ধরনের উদ্যোগ নেওয়া শুরু করে। চলছে গবেষণ, এতে বিনিয়োগের পরিমাণও বাড়িয়ে দিয়েছে ফেসবুক। ধারণা করা হচ্ছে, এবার পূর্ণাঙ্গভাবে ভারচুয়াল রিয়েলিটি ব্যবহারের ক্ষেত্রে ভিডিও অ্যাপটি কাজে লাগবে।
ওয়াল স্ট্রিট জার্নাল ও ম্যাশেবল