আসছে বিশ্বের সবচেয়ে পাতলা ওয়ালটন এক্স৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ রকম হবে ওয়ালটনের তৈরি এক্স৩
এ রকম হবে ওয়ালটনের তৈরি এক্স৩

বিশ্বের সবচেয়ে পাতলা মোবাইল ফোন বাজারে আনার তথ্য নিশ্চিত করেছে ওয়ালটন। এক্স৩ নামের পাঁচ দশমিক পাঁচ মিলিমিটার পুরুত্বের অ্যান্ড্রয়েডনির্ভর এই স্মার্টফোনটি জুলাই মাসের মাঝামাঝি বাজারে আনার তথ্য জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এস এম রেজওয়ানুল আলম প্রথম আলোকে জানান, ‘এক্স৩ হবে ওয়ালটনের ফ্ল্যাগশিপ ফোন। ৩৫ হাজার টাকার কমেই এই স্মার্টফোনটি কেনা যাবে।’

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ৪.৪ সংস্করণনির্ভর এক্স ৩ স্মার্টফোনটিতে থাকবে অত্যাধুনিক সব ধরনের ফিচার। স্মার্টফোনটি হার্ডওয়্যারদের দিক থেকেও হবে উন্নত। ১.৭ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরের এই স্মার্টফোনটি হবে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত যাতে সুরক্ষা হিসেবে তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস থাকবে। এতে থাকবে ২ গিগাবাইটের র্যাম সুবিধা। স্মার্টফোনটির পেছনে অটো ফোকাস সুবিধাযুক্ত ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। স্মার্টফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ থাকছে।


এস এম রেজওয়ানুল আলম আরও জানান, নিজস্ব গবেষণা, নকশা ও তত্ত্বাবধানে এই স্মার্টফোনটি চীনের নিজস্ব কারখানায় তৈরি করা হবে। ব্যবহারকারীদের উন্নত স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতেই বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনটি দেশের বাজারে আনছে ওয়ালটন। বর্তমানে বাজারে ওয়ালটন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্রিমো জেডএক্স যার দাম ৩০ হাজার ৯৯০ টাকা।

প্রসঙ্গত, বর্তমানে বিশ্বে স্মার্টফোনের বাজারে সবচেয়ে পাতলা স্মার্টফোনটি হচ্ছে চীনা নির্মাতা জিওনির। ইলাইফ এস৫.৫ নামের এই স্মার্টফোনটির পুরুত্বও ৫.৫ মিলিমিটার। এ ছাড়াও পাতলা স্মার্টফোন হিসেবে বাজারে রয়েছে ৬.১৬ মিলিমিটার পুরত্বের হুয়াউয়ের তৈরি অ্যাসান্ড পি৬ ও বিবিকের তৈরি ৫.৭৫ মিলিমিটার পুরত্বের ভিভো এক্স৩।