আসছে বুদ্ধিমান রেফ্রিজারেটর!
গুরুত্বপূর্ণ কাজে ভীষণ ব্যস্ত থাকার সময় কেউ ফোন করে অতিথি হতে চাইলে সে পরিস্থিতিতে আপনাকে সহায়তা করতে এগিয়ে আসছে ‘স্মার্ট অ্যাপ্লায়েন্সেস’ অর্থাৎ বুদ্ধিমান যন্ত্র। আর এ যন্ত্রের মধ্যে থাকবে বুদ্ধিমান রেফ্রিজারেটর বা ফ্রিজ, ওভেন ইত্যাদি। মজার ব্যাপার হলো, আপনার কাছে থাকা স্মার্টফোন দিয়েই এসব বুদ্ধিমান গ্যাজেটকে কাজের নির্দেশ দিতে পারবেন। ফলে নিজে ঘরে না থাকলেও তৈরি হয়ে যাবে রান্না। শুধু তা-ই নয়, আপনার অনুপস্থিতিতে অতিথিও আপ্যায়িত হয়ে যাবে। দক্ষিণ কোরিয়ার ‘এলজি’ তৈরি করেছে এমন একটি ফ্রিজ। এতে রয়েছে একটি স্পর্শকাতর পর্দা। ফ্রিজের ভেতরে কী কী আছে এবং সেগুলো কোন জায়গায় আছে, তা লেখা রয়েছে এ পর্দায়। শুধু তা-ই নয়, ফ্রিজে থাকা দুধের মেয়াদ কত দিন আছে সেটিও পর্দায় দেখা যাবে। আর এ ফ্রিজকে বাইরে থেকে স্মার্টফোনের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যাবে। আপনি বাজার করার সময় ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন ফ্রিজে কী কী আছে কিংবা কী কী কিনতে হবে। আবার আপনি যদি ফ্রিজকে জানিয়ে দেন কী রান্না করতে চান, তাহলে ফ্রিজ সেটা সহজেই জানিয়ে দেবে ওভেনকে। ওভেন সে অনুযায়ী কাজ শুরু করে দেবে। অবশ্য এসব নিশ্চিত করতে গ্যাজেটগুলোর মধ্যে দরকার ওয়াই-ফাই কানেকটিভিটি। অন্যদিকে, ‘স্যামসাং’-এর উদ্ভাবিত বুদ্ধিমান ফ্রিজকে আপনি শুধু বলবেন, এটা প্রয়োজন। ফ্রিজে যে স্পর্শকাতর পর্দা রয়েছে, সেটা ব্যবহার করে শুধু জানিয়ে দিতে হবে যে আপনার এক কেজি আপেল আর এক হালি ডিম প্রয়োজন। সঙ্গে সঙ্গে ফ্রিজ সেটা খুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেবে দোকানিকে। দোকানি তখন সেগুলো বাসায় পৌঁছে দেবে। অবশ্য এ জন্য কতগুলো নির্দিষ্ট দোকানের সঙ্গে ফ্রিজের সংযোগ থাকতে হবে। এই বুদ্ধিমান যন্ত্রগুলোর দাম এখনো সাধারণের হাতের নাগালে না থাকায় খুবই সীমিত আকারে ব্যবহার হচ্ছে। তবে খুব শিগগিরই এগুলো সাধারণ ব্যবহারকারীদের সামর্থ্যের মধ্যে নিয়ে আসা হবে বলে জানা গেছে। —ডেইলি মেইল ও গিজম্যাগ অবলম্বনে প্রদীপ সাহা