আসছে ব্ল্যাকবেরি ১০ ‘এন সিরিজ’!
ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর এন সিরিজের কোয়ারটি স্মার্টফোন বাজারে আনতে পারে রিসার্চ ইন মোশন বা রিম। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর নিউজ এক খবরে জানিয়েছে, সম্প্রতি ব্ল্যাকবেরির এন সিরিজের কোয়ারটি স্মার্টফোনের তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ২০১৩ সালের জানুয়ারি মাসে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর দুইটি মডেলের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে রিম। নতুন মডেল দুটি হবে ‘ব্ল্যাকবেরি জেড ১০’ ও ‘ব্ল্যাকবেরি এন সিরিজ’।ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন ২০১৩ সালের ৩১ জানুয়ারি ব্ল্যাকবেরি ১০ নির্ভর পণ্য আনার জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অপারেটিং সিস্টেমনির্ভর পণ্য এনে বাজারে ঘুরে দাঁড়াতে চাইছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ব্ল্যাকবেরি হাই এন্ড বা দামি স্মার্টফোন মডেল হবে এন-সিরিজ। কোয়ারটি সুবিধার টাচ স্ক্রিন এ স্মার্টফোনের মডেলটি হবে বর্তমানে বাজারে থাকা ব্ল্যাকবেরি বোল্ড ৯৯০০ মডেলের মতো।