আসছে বড় পর্দার আইফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের জনপ্রিয় আইফোনের পর্দা এবার বড় হচ্ছে। নতুন আইফোন বর্তমানে বাজারে থাকা আইফোনের চেয়ে বড় হবে বলে জানা গেছে। চলতি বছরই নতুন এ আইফোন বাজারে আসবে বলে জানিয়েছে আইফোন নির্মাণের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠান। সর্বশেষ বাজারে আসা আইফোন ফোর এসের পর্দা ছিল ৩.৫ ইঞ্চি। নতুন আইফোন হবে চার ইঞ্চি পর্দার। অন্যবারের মতো এবারও এ তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছে অ্যাপল। তবে শুধু চার ইঞ্চিই নয়, এর মধ্যে আরও বেশ কিছু আকারের পর্দার ব্যাপারেও আলোচনা চলছে। সবচেয়ে বেশি মোবাইল সেট বিক্রেতা স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে অ্যাপল বড় পর্দার নতুন আইফোন আনতে চাইছে। কারণ, স্যামসাংয়ের সর্বশেষ ৪.৮ ইঞ্চি পর্দার স্মার্টফোন বাজারে এসে চমক সৃষ্টি করেছে, যা আইফোনকে প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে। স্মার্টফোনের বাজারে শুরু থেকেই শীর্ষে থাকা আইফোন প্রতিযোগিতায় টিকে থাকতে পর্দার আকার থেকে শুরু করে বিভিন্ন বৈশিষ্ট্যের বিষয়েও ভাবার প্রয়োজন হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রথম অংশে স্যামসাং বিশ্বব্যাপী চার কোটি ৪৫ লাখ স্মার্টফোন বিক্রি করেছে, যেখানে একই সময় অ্যাপল বিক্রি করেছে তিন কোটি ৫১ লাখ আইফোন। —ওয়াল স্ট্রিট জার্নাল অবলম্বনে কাজী আশফাক আলম