আসছে মাইক্রোসফটের ট্যাব 'সারফেস ২'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারফেস ২
সারফেস ২

সারফেস আরটি ট্যাবলেটের পরবর্তী সংস্করণ ‘সারফেস ২’ বাজারে আনছে মাইক্রোসফট। সারফেস ২ ট্যাবলেটটিতে আগের সংস্করণটির চেয়ে যত্সামান্য পরিবর্তন আনতে পারে প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে অর্থাত্ অক্টোবর থেকে ডিসেম্বর মাস নাগাদ দুটি মডেলের ‘সারফেস ২’ ট্যাব বাজারে আনবে মাইক্রোসফট।

সারফেস ২ ট্যাবলেটের একটি মডেলে থাকবে ইনটেলের তৈরি দ্রুতগতির হ্যাসওয়েল প্রসেসর, আরেকটিতে থাকবে এনভিডিয়ার টেগরা প্রসেসর। নতুন ট্যাবলেট উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮.১ সমর্থন করবে।

বাজারে থাকা ১০ দশমিক ৬ ইঞ্চি মাপের সারফেস আরটি ট্যাবলেটের মাপেই বাজারে আসবে ‘সারফেস ২’ ট্যাব। এর ব্যাটারির চার্জ থাকবে টানা আট ঘণ্টা। নতুন ট্যাবে ইউএসবি ৩.০, ওয়াই-ফাই ও ব্লুটুথ-সুবিধাও থাকবে।

বর্তমানে সারফেস আরটি ট্যাবলেট ৩৪৯ মার্কিন ডলার দামে বিক্রি করছে মাইক্রোসফট। কি-বোর্ড কভারসহ এর দাম ৩৯৯ মার্কিন ডলার। তবে সারফেস ২ ট্যাবলেটের দাম ও ফিচার সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট। এ বিষয়ে এখনই মুখ খুলতে রাজি নয় প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিওউইন, উইন্ডোজ সুপারসাইট নতুন ট্যাবলেটের ফিচার নিয়ে তথ্য ফাঁস করেছে।

এদিকে মাইক্রোসফটের অধীনে যাওয়ার পর নকিয়া ‘সিরিয়াস’ নামের একটি ট্যাব বাজারে আনার পরিকল্পনা করেছে।