আসছে মাইক্রোসফটের ‘উইন্ডোজ ফোন ৮ অ্যাপোলো’
‘উইন্ডোজ ফোন ৮’-এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে ২০ জুন সানফ্রান্সিসকোতে ‘উইন্ডোজ ফোন সামিট’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করেছে মাইক্রোসফট। ‘উইন্ডোজ ফোন ৮’ নামের এই মোবাইল অপারেটিং সিস্টেমের কোডনাম হতে পারে ‘অ্যাপোলো’। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই নকিয়া ইনোভেশনস নামে একটি ওয়েবসাইট এ বিষয়ে ছবিসহ অন্যান্য তথ্য প্রকাশ করেছে।নকিয়া ইনোভেশনসে প্রকাশিত তথ্য অনুসারে, উইন্ডোজ ফোন ৮-এ থাকছে বাঁ-দিকে স্লাইডারযুক্ত নতুন ক্যামেরা ইউজার ইন্টারফেস, ক্যামেরা জুম ও ঘোরানোর জন্য নির্দিষ্ট একটি বোতাম থাকছে। উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত হচ্ছে স্কাইপ। অর্থাত্ উইন্ডোজ ফোনে স্কাইপ ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে মাইক্রোসফট। ডেটাস্মার্ট নামের একটি ফিচার যুক্ত হচ্ছে উইন্ডোজ ফোন ৮-এ যা স্মার্টফোনে তথ্য ব্যবহারের বিষয়টি তদারক করবে।উইন্ডোজ ফোন ৮ ফোনে মাল্টি কোরের প্রসেসর সমর্থন করবে ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) যুক্ত হবে। উইন্ডোজ ফোন ৮ নির্ভর স্মার্টফোনে ব্যবহূত হতে পারে নকিয়া ম্যাপ।