আসছে ম্যালেরিয়ার টিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যালেরিয়ার টিকা
ম্যালেরিয়ার টিকা

বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টীকা আগামী বছর থেকেই বাজারে কিনতে পাওয়া যাবে। ওষুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) সম্প্রতি তাঁদের তৈরি ‘আরটিএস, এস’ নামের এই টিকা অনুমোদনের জন্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির (ইএমএ) কাছে আবেদন করেছে। অনুমোদন পেলেই এ টিকা সহজলভ্য হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জিএসকের দাবি, ‘আরটিএস, এস’ টিকাটি প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়া প্যারাসাইটের বিরুদ্ধে ব্যবহূত হবে যা আফ্রিকা অঞ্চলে বেশি দেখা যায়। ম্যালেরিয়ার ফলে ৯০ শতাংশ মৃত্যু ঘটে সাব-সাহারান আফ্রিকা (এসএসএ) অঞ্চলে যার মধ্যে ৭৭ শতাংশ শিশুর বয়স পাঁচ বছরের নিচে।

ইতিমধ্যে এই টিকার তৃতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আফ্রিকার আটটি দেশ বুরকিনা ফাসো, গ্যাবন, ঘানা, কেনিয়া, মালাউয়ি, মোজাম্বিক, নাইজেরিয়া ও তানজানিয়ার ১৩ টি গবেষণা কেন্দ্র থেকে ১৬ হাজার শিশু-কিশোরের ওপর এই টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, শিশু-কিশোরদের ক্ষেত্রে টিকা দেওয়ার পর ১৮ মাস পর্যন্ত ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারে। এখন পর্যন্ত ম্যালেরিয়া প্রতিরোধের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোনো টীকা নেই।