আসছে সাশ্রয়ী ম্যাকবুক এয়ার!
চলতি বছরে ম্যাকবুক এয়ারের নতুন সংস্করণ বাজারে আনতে পারে অ্যাপল। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বর্তমানে বাজারে থাকা অন্য আল্ট্রাবুকগুলোর সঙ্গে দামের পার্থক্য কমিয়ে আনতেই সাশ্রয়ী দামের ম্যাকবুক এয়ার বাজারে আনার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।অ্যাপল পণ্য নির্মাণ করে এমন একটি প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস জানিয়েছে, এ বছরের শেষভাগে ৭৯৯ ডলার দামের মধ্যেই ম্যাকবুক এয়ার ল্যাপটপ বাজারে আনতে পারে অ্যাপল। উল্লেখ্য, বর্তমানে ১১ ইঞ্চি ম্যাকবুক এয়ারের দাম ৯৯৯ ডলার। বর্তমানে বাজারে আল্ট্রাবুক হিসেবে ভালো অবস্থানে রয়েছে ডেলের ৯৯৯ ডলার দামের এক্সপি ১৩ মডেলটি। উইন্ডোজ ৭ নির্ভর ১৩ ইঞ্চি মাপের এই আল্ট্রাবুকে ইনটেলের কোরআই ৭ প্রসেসর রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, সাশ্রয়ী মূল্যের ম্যাকবুক এয়ার এনে আল্ট্রাবুকের বাজার দখল করতে কাজ করছে অ্যাপল।