আসছে সাশ্রয়ী ‘নকিয়া লুমিয়া ৬১০’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সাশ্রয়ী দামের নতুন মডেলের স্মার্টফোন আনতে পারে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। নকিয়ার সাশ্রয়ী দামের এ স্মার্টফোনে ব্যবহূত হবে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন সফটওয়্যার। নকিয়ার কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা রয়টার্স এক খবরে এ তথ্য দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, সাশ্রয়ী দামের নতুন স্মার্টফোন তৈরি করে বাজারে আরও ভালো অবস্থানে যেতে চাইছে নকিয়া। নকিয়া ও মাইক্রোসফটের ক্ষেত্রে বাজার দখল করার জন্য সাশ্রয়ী স্মার্টফোনই এখন মূল ভরসা। কারণ, স্মার্টফোনের বাজারে নকিয়ার এখন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাপল, স্যামসাংয়ের মতো অনেক প্রতিষ্ঠান অবস্থান করছে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের দেওয়া এক তথ্য অনুসারে, নকিয়ার শেয়ার গত বছরের তুলনায় গত তিন মাসে দুই শতাংশ পড়ে গেছে।রয়টার্স জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘লুমিয়া ৬১০’ নামের সাশ্রয়ী স্মার্টফোনের পাশাপাশি ‘লুমিয়া ৯০০’ নামের দামি ফোনটিও বাজারে আনবে নকিয়া।