আসছে সাড়ে পাঁচ ইঞ্চি গ্যালাক্সি নোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন বাজারের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি নোট সিরিজে নতুন একটি স্মার্টফোন যোগ করছে। বার্লিনে চলতি আগস্ট মাসের ২৯ তারিখে এক অনুষ্ঠানে এ স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।যুক্তরাষ্ট্রের আদালতে `পেটেন্ট' নিয়ে স্যামসাং ও অ্যাপলের মধ্যে মামলা চলছে। এ মামলার শুনানির সময়ে দুটি প্রতিষ্ঠানকেই তাদের বেশ কিছু পণ্যের তথ্য আগাম প্রকাশ করতে হয়েছে। ৩ আগস্ট শুক্রবার স্যামসাংয়ের এক মুখপাত্র জানিয়েছেন, `২৯ আগস্ট বার্লিনে স্যামসাং মোবাইল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে নতুন গ্যালাক্সি নোটের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছি।' ইউরোপের বৃহত্তম কনজুমার ইলেকট্রনিক ট্রেড ফেয়ার `আইএফএ' শুরু হওয়ার দুদিন আগেই নতুন এ স্মার্টফোনটির ঘোষণা আসবে স্যামসাংয়ের কাছ থেকে।এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, স্যামসাংয়ের গ্যালাক্সি নোটের নতুন সংস্করণটিকে বলা হতে পারে `গ্যালাক্সি নোট ২'। ৫.৫ ইঞ্চি মাপের স্মার্টফোনটির ডিসপে্ল সহজে দাগ পড়বে না বা ভাঙবে না। এতে উন্নত ক্যামেরা ও দ্রুতগতির প্রসেসর থাকবে, যা অ্যাপলের নতুন স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, অ্যাপলের নতুন আইফোন সেপ্টেম্বরের প্রথমদিকেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের নতুন স্মার্টফোন বাজারে আসার আগেই স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন গ্যালাক্সি নোট বাজারে আনছে স্যামসাং। উলে্লখ্য, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে অ্যাপলের স্মার্টফোনের দ্বিগুণ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং।