আসছে স্যামসাং গ্যালাক্সি ‘মিনি ২’
গ্যালাক্সি মিনি নামে একটি স্মার্টফোন রয়েছে স্যামসাংয়ের। এবারে গ্যালাক্সি মিনি সিরিজের দ্বিতীয় সংস্করণ মিনি টু আনছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি মিনি ২ এস৬৫০০ মডেলের এ স্মার্টফোনটির কোড নাম জেন্না। বার্সেলোনায় অনুষ্ঠিতব্য এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ স্মার্টফোনটি আনার ঘোষণা দিতে পারে স্যামসাং। সম্প্রতি এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য দিয়েছে। গ্যালাক্সি মিনি ২-এ থাকছে বেশি রেজুলেশনের ৩.৩ ইঞ্চি মাপের স্ক্রিন, দ্রুতগতির ৮০০ মেগাহার্টজ প্রসেসর এবং ৩ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা। ৩ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধার এই স্মার্টফোনটিতে আরও থাকছে জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেম। বর্তমানে বাজারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ চালিত ৭টি ফোন রয়েছে। তার পরও পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেম-চালিত গ্যালাক্সি মিনি ২ আনছে স্যামসাং। আইসক্রিম স্যান্ডউইচের যুগে জিঞ্জারব্রেড-চালিত এই স্মার্টফোনটির জনপ্রিয়তা নিয়ে তাই সংশয় প্রকাশ করছেন বাজার বিশ্লেষকেরা।