আসছে স্যামসাংয়ের গিয়ার গ্লাস

গিয়ার ব্র্যান্ডের স্মার্টওয়াচের পর এবারে স্মার্ট গ্লাস বাজারে আনতে পারে স্যামসাং। গুগল গ্লাসের মতোই হবে স্যামসাংয়ের তৈরি এই গ্লাস। এতে স্মার্টফোনের মতো নানা সুবিধা থাকবে।
স্যামসাং সূত্রের বরাতে বিজনেস কোরিয়া নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ গিয়ার স্মার্টগ্লাসের ঘোষণা দেবে স্যামসাং। এই গ্লাসে ব্যবহূত হবে স্যামসাংয়ের টাইজেন অপারেটিং সিস্টেম।
স্মার্ট গ্লাস বা প্রযুক্তি চশমা তৈরিতে কোরিয়া ও যুক্তরাষ্ট্রে পেটেন্টও রয়েছে স্যামসাংয়ের।
স্যামসাংয়ের একজন কমকর্তা বিজনেস কোরিয়াকে জানিয়েছেন, আমরা প্রথমে স্মার্টওয়াচ উন্মুক্ত করেছি। আমাদের হাতে স্মার্ট গ্লাস সংশ্লিষ্ট বেশ কয়েকটি পেটেন্টও রয়েছে। গত বছরের স্মার্টওয়াচের ধারাবাহিকতায় এবছরের সেপ্টেম্বরে আসতে পারে গিয়ার গ্লাস।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানিয়েছিল, স্যামসাংয়ের স্মার্টগ্লাসে থাকবে বিশেষ প্রিজম বা স্বচ্ছ লেন্স ও স্মার্টফোনের সঙ্গে সিনক্রোনাইজ করার নানা প্রযুক্তি। এতে বিশেষ ধরনের হেডফোন সংযুক্ত থাকবে, যাতে সহজে স্মার্টফোনের মতো কল আদান-প্রদান করা যাবে। এ চশমার লেন্সে বিভিন্ন তথ্য জানা ও নোটিফিকেশন পাওয়ার সুবিধাও থাকবে।