আসছে স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইজেন পাওয়ার গ্যালাক্সি গিয়ার ২। গুগলের আইও সম্মেলনে অ্যান্ড্রয়েড ওয়্যার চালিত একটি স্মার্টওয়াচের ঘোষণা দেবে স্যামসাং। ছবি: স্যামসাং
টাইজেন পাওয়ার গ্যালাক্সি গিয়ার ২। গুগলের আইও সম্মেলনে অ্যান্ড্রয়েড ওয়্যার চালিত একটি স্মার্টওয়াচের ঘোষণা দেবে স্যামসাং। ছবি: স্যামসাং

অ্যান্ড্রয়েড ওয়্যার চালিত প্রথম স্মার্টপণ্য উন্মুক্ত করতে যাচ্ছে স্যামসাং। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ২৫ জুন থেকে অনুষ্ঠিতব্য দুই দিনের গুগলের বার্ষিক সম্মেলনে নতুন স্মার্টওয়াচের ঘোষণা দিতে পারে স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছেন।
স্যামসাং ঘনিষ্ঠ সূত্রের বরাতে সিনেট জানিয়েছে, বর্তমানে বাজারে থাকা গিয়ার স্মার্টওয়াচের মতো গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যার সফটওয়্যার নির্ভর নতুন স্মার্টওয়াচ বাজারে আনবে স্যামসাং। এই স্মার্টওয়াচে স্যামসাংয়ের নিজস্ব চিপ থাকবে। এ ছাড়াও কোয়ালকম প্রসেসরনির্ভর আরেকটি মডেলের স্মার্টওয়াচও তৈরি করবে স্যামসাং। গুগলের সম্মেলনে এই দুটি বা যেকোনো একটি স্মার্টওয়াচ দেখাতে পারে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, সম্প্রতি স্যামসাং যে গিয়ার স্মার্টওয়াচ এনেছে তাতে লিনাক্সভিত্তিক টাইজেন অপারেটিং সিস্টেম রয়েছে। ইনটেল ও স্যামসাংয়ের উদ্যোগে এই অপারেটিং সিস্টেম তৈরি।
গুগল আইও নামের সম্মেলনে স্যামসাং ছাড়াও এলজি ও মটোরোলা অ্যান্ড্রয়েড ওয়্যার নির্ভর স্মার্টওয়াচের ঘোষণা দিতে পারে।
এ বছরের মার্চ মাসে গুগল পরিধেয় প্রযুক্তিপণ্যের জন্য অ্যান্ড্রয়েড ওয়্যার নামে অ্যান্ড্রয়েডের একটি আলাদা সংস্করণের ঘোষণা দিয়েছে।