আসছে স্যামসাংয়ের মিনি ট্যাবলেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বাজারে চমক সৃষ্টি করতে এবার আসছে স্যামসাংয়ের মিনি ট্যাবলেট কম্পিউটার। অ্যাপলের আইপ্যাড মিনি এবং গুগল নেক্সাস ৭-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই নতুন এ মিনি ট্যাবলেট আসছে বলে জানা গেছে। ‘কনা’ সাংকেতিক নামের নতুন এ ট্যাবলেট আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৩-তে দেখানো হবে বলে সম্প্রতি স্যামমোবাইল ওয়েবসাইট সূত্রে জানা গেছে। নতুন এ ট্যাবলেট কম্পিউটারে থাকবে ৮ ইঞ্চি সুপার ক্লিয়ার এলসিডি পর্দা, ও স্টাইলাস ব্যবহারের সুবিধা। জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২ সংস্করণচালিত মিনি এ ট্যাবলেটে থাকবে ২ গিগাবাইট র‌্যাম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। একই সময় স্যামসাং মিনি ট্যাবলেটের দুটি সংস্করণ চালু করবে বলে জানা গেছে। এর মধ্যে জিটি-এন৫১০০ মডেলটি হবে ওয়াই-ফাই এবং অন্য মাধ্যমে ব্যবহার সুবিধাসম্পন্ন আর জিটি-এন৫১১০ মডেলটি হবে শুধু ওয়াইফাই ব্যবহার সুবিধাসম্পন্ন। এ ছাড়া মাত্র ৩৩০ গ্রাম ওজনের মিনি এ ট্যাবলেটে আরও থাকছে ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি ২.০ সুবিধা। এ ব্যাপারে স্যামসাংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। আগ্রহী ব্যক্তিদের তাই অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। তবে স্যামসাংয়ের এ মিনি ট্যাবলেট বাজারে আলোড়ন সৃষ্টি করতে পারবে বলে আশাবাদী প্রযুক্তি বিশ্বের বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আইপ্যাড মিনির বাইরে যদি স্যামসাং সত্যিই মিনি ট্যাবলেট আনে তা হলে ব্যবহারকারীদের কিছু কম মূল্যেই পাবেন মিনি ট্যাবলেট ব্যবহারের সুযোগ।—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম