আসছে ১৬-লেন্স ক্যামেরার স্মার্টফোন
নকিয়া এবার ক্যামেরা-সমৃদ্ধ স্মার্টফোনে ক্যামেরার মান আরও উন্নত করার ঘোষণা দিয়েছে। মোবাইল ফোন নির্মাতা এই প্রতিষ্ঠানটি এবার স্মার্টফোনে যোগ করতে যাচ্ছে ‘পেলিক্যান ইমেজিং’-এর তৈরি ১৬-লেন্স ক্যামেরা। নকিয়া অনেক দিন ধরেই পেলিক্যান ইমেজিংয়ের পেছনে বিনিয়োগ করে আসছে। আর এই বিনিয়োগের পরিমাণ আগের চেয়েও বাড়িয়েছে নকিয়া। সম্প্রতি পেলিক্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস পিকেট বলেছেন, একটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ১৬-লেন্স ক্যামেরাসহ স্মার্টফোন বাজারে আনার ব্যাপারে তাঁদের সঙ্গে কথা বলেছে। কিন্তু তিনি বলেননি, ঠিক কোন প্রতিষ্ঠানটি তাঁদের সঙ্গে কথা বলেছে। তবে যেহেতু নকিয়া তাঁদের পেছনে বিনিয়োগ করে আসছে এবং তারা উন্নতমানের ক্যামেরাসহ স্মার্টফোন বাজারে আনছে, তাই ধারণা করা হচ্ছে, নকিয়াই আনতে যাচ্ছে পেলিক্যান ১৬-লেন্স ক্যামেরার প্রথম স্মার্টফোন। পেলিক্যানের এ ক্যামেরায় ১৬টি লেন্স থাকার কারণে প্রতিটি ছবি তোলার সময় শাটার চাপার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পিক্সেল খুব ভালোভাবে ছবি ধারণ করতে পারবে। আর এর ফলে খুবই উন্নতমানের ছবি পাওয়া যাবে। এটি নতুন উদ্ভাবিত লিট্রো ক্যামেরার মতো ছবি তুলতে সক্ষম হবে। ক্যামেরাটি দিয়ে ছবি ক্যাপচার করার পরও ফোকাস পরিবর্তন করা যাবে। এমনকি ছবি তোলার পর একাধিক ফোকাস বিন্দুও নির্ধারণ করা যাবে। পাশাপাশি এটি দিয়ে ছবির পটভূমি পরিবর্তন করা, আকার পরিবর্তন বা একটি ছবির কিছু অংশ অন্য ছবিতে সংযোজন করার ব্যবস্থাও রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তবে অসাধারণ ক্যামেরা-সমৃদ্ধ নকিয়ার স্মার্টফোন এখনই বাজারে আসছে না। ২০১৪ সালে এটি বাজারে আসতে পারে। আর এর দাম এখনো নির্ধারিত হয়নি। -টেকরাডার, জিএসএম অ্যারেনা অবলম্বনে প্রদীপ সাহা