আসছে ‘আমার বর্ণমালা’
‘আমার বর্ণমালা’ নামে নতুন একটি বাংলা ফন্ট তৈরির উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। এটাই হবে বাংলা একাডেমীর তত্ত্বাবধানে বানানো প্রথম ফন্ট। ইউনিকোড সমর্থিত নতুন এ ফন্ট তৈরির জন্য এই প্রতিষ্ঠান তিনটির মধ্যে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে। সমঝোতা চুত্তিপত্রে বাংলা একাডেমীর মহাপরিচলাক শামসুজ্জামান খান, এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান নাইমা হক চুক্তিপত্রে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-সচিব ও এটুআই প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান, বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক জামিল চৌধুরী প্রমুখ।শামসুজ্জামান খান বলেন, ‘দেশে অনেকগুলো প্রতিষ্ঠান নিজেদের মতো করে অনেক ফন্ট তৈরি ও বাজারজাত করেছে। একাধিক ফন্ট থাকলেও বাংলা একাডেমীর প্রত্যক্ষ বা পরোক্ষ তত্ত্বাবধান ও অনুমোদন নিয়ে কোনো ফন্ট তৈরি হয়নি। এসব কারণে এ ফন্টগুলোতে যুক্তাক্ষর ও প্রমিত বানানকে গুরুত্ব দেওয়া হয়নি। আশা করছি, আমার বর্ণমালা ফন্টের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।’আমার বর্ণমালা ফন্টটির সুবিধা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘এর আগে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে প্রথমবারের মতো সরকারিভাবে ‘নিকষ’ নামে একটি ফন্ট তৈরি করা হয়। এ ফন্টটিতে যুক্তাক্ষরে লেখাসহ কিছু সুবিধা পূর্ণাঙ্গরূপে পাওয়া যেত না। তবে নতুন এ ফন্টে ইউনিকোড সুবিধার সঙ্গে প্রমিত বাংলা, যুক্তাক্ষর ও নতুন সংস্করণের প্রযুক্তির সমন্বয় করা হবে।’ আমার বর্ণমালা ফন্টটির প্রচারণা, বিতরণ ও তৈরিতে কারিগরি সহায়তা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগ। সম্পাদনা ও প্রমিতকরণের পুরো কাজ করবে বাংলা একাডেমী। এ কাজে আর্থিক সহায়তা দেবে এটুআই প্রকল্প ও জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি)। জানা যায়, আগামী বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রী নতুন এ ফন্টটি বিনা মূল্যে ব্যবহারের জন্য অবমুক্ত করবেন। —জিয়াউর রহমান চৌধুরী