আসছে ‘গ্যালাক্সি নোট ১০.১’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তার গ্যালাক্সি নোট স্মার্টফোন সিরিজে নতুন একটি পণ্য যুক্ত করছে। ‘গ্যালাক্সি নোট ১০.১’ নামের এই পণ্যটি ৭ আগস্ট বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্যামসাং। এক খবরে এ তথ্য জানিয়েছে সিনেট।জার্মানি ও আরব আমিরাতের বাজারে এ পণ্যটি আগেভাগে চলে আসলেও যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে ১৫ আগস্টের পর থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে আনার ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের সুবিধা থাকলেও মূলত ট্যাবলেট কম্পিউটার হিসেবেই বাজারে আসছে গ্যালাক্সি নোটের সর্বশেষ এ সংস্করণটি। এতে রয়েছে ১০.১ ইঞ্চি স্পর্শ পর্দা ও কোয়াড কোরের প্রসেসর। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ছাড়াও থাকছে এস-পেন ও জিপিএস সুবিধা। গ্যালাক্সি নোটের আগের সংস্করণটির চেয়ে নতুন ১০.১ ইঞ্চি সংস্করণটির সুবিধা হচ্ছে- কোয়াড কোরের প্রসেসর ও ডিসপ্লেকে দুটি অংশে ভাগ করার সুবিধা। এ প্রসঙ্গে স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি নোট ১০.১ সংস্করণে ডিসপ্লের দুই অংশে একই সঙ্গে দুইটি অ্যাপ্লিকেশন দ্রুত গতিতে চালানো যায়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি নোট ১০.১ সংস্করণ দেখিয়েছিল স্যামসাং। এ পণ্যটি অনেকটাই স্যামসাংয়ের জনপ্রিয় পণ্য গ্যালাক্সি ট্যাব ২ এর ১০.১ সংস্করণটির মতো। ৮.৯ মিলিমিটার পুরুত্বের গ্যালাক্সি নোটের নতুন সংস্করণটিতে থ্রিজি সমর্থন করবে।‘গ্যালাক্সি নোট ১০.১’ এর দাম সাড়ে ৭০০ ডলার। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপলের সঙ্গে ট্যাবলেট যুদ্ধে নতুন সৈনিক হিসেবে ‘গ্যালাক্সি নোট ১০.১’ বাজারে আনছে স্যামসাং। অ্যাপল ছাড়াও মাইক্রোসফটের সারফেস ট্যাবলেটকে আগে থেকেই আটকে দিতেই নতুন এ পণ্যটি বাজারে আনছে স্যামসাং।