আসল সফটওয়্যারের ব্যবহার নিয়ে কাজ করবে বিসিএস ও মাইক্রোসফট

বিভিন্ন ক্ষেত্রে আসল অর্থাৎ লাইন্সেস করা সফটওয়্যার ব্যবহারের জন্য সচেতনতা তৈরি করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও মাইক্রোসফট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২৮ মার্চ রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে এ ব্যাপারে মাইক্রোসফট ও বিসিএসের মধ্যে একটি চুক্তি হয়েছে।
চুক্তির আওতায় বিসিএস ও মাইক্রোসফট সরকারি পর্যায়ে ‘গভর্নমেন্ট সফটওয়্যার লিগ্যালাইজেশন প্ল্যান’ তৈরিতে যৌথভাবে কাজ করবে। এ ছাড়া বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সর্বত্র প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজে বিসিএস মাইক্রোসফটকে সহযোগিতা করবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে ‘অ্যান্টি পাইরেসি’ বিষয়ে উৎসাহ দিতে, মেধাসম্পদ আইন, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে মাইক্রোসফটের অংশীদার হিসেবে কাজ করবে বিসিএস।
চুক্তিপত্রে সই করেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ। এ সময় সোনিয়া বশির কবির বলেন, ‘বাংলাদেশের মানুষকে এখন শুধু জেনুইন ও পাইরেটেড সফটওয়্যারের পার্থক্য বুঝলেই হবে না, এগুলো ব্যবহারের ফলাফলও বুঝতে হবে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থেই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার বন্ধ করতে হবে।’ এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, ‘আমরা জেনুইন সফটওয়্যার ক্রয় ও ব্যবহারে মাইক্রোসফটের এই উদ্যোগকে সহযোগিতা করব।’ বিজ্ঞপ্তি