আসুস আনল নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের নতুন ল্যাপটপ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা।
আসুসের নতুন ল্যাপটপ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা।

হালকা-পাতলা ল্যাপটপ আলট্রাবুক হিসেবে পরিচিত। তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস দেশের বাজারে তাদের আলট্রাবুক সিরিজ জেনবুকের নতুন একটি ল্যাপটপ উদ্বোধন করেছে। আজ সোমবার রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) কার্যালয়ে ইউ এক্স ৪১০ সিরিজের ল্যাপটপটির ঘোষণা দিয়েছে আসুস। এ ছাড়া সবার হাতের নাগালে জেনবুক সিরিজ আনার উদ্যোগ হিসেবে চালু করেছে ‘জেনবুক ফর অল’ বা সবার জন্য জেনবুক কর্মসূচি।

আসুসের কর্মকর্তারা জানান, বাংলাদেশে আলট্রাবুকের চাহিদা বাড়ছে। সাধারণ ল্যাপটপ থেকে এই ল্যাপটপগুলো হালকা-পাতলা ও আকর্ষণীয় হয়। এতে থাকে সর্বাধুনিক প্রযুক্তি। কিন্তু শক্তিশালী এ ধরনের ল্যাপটপ বাংলাদেশের অধিকাংশ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে ছিল। সবার হাতের নাগালে আলট্রাবুক আনতে ‘জেনবুক ফর অল’ কর্মসূচি নিয়েছে আসুস। আলট্রাবুক সিরিজে আসুসের এক ডজনের বেশি ল্যাপটপ আছে। তবে এ সিরিজে নতুন করে যুক্ত হচ্ছে ইউ এক্স ৪১০ মডেলটি। এটি কোর আই থ্রি, ফাইভ ও সেভেন মডেল হিসেবে পাওয়া যাবে।
আসুস কর্তৃপক্ষ জানিয়েছে, ইউ এক্স ৪১০ মডেলের আলট্রাবুকের ডিসপ্লের দুই পাশে ৬ মিলিমিটার বেজেল আছে। ১ দশমিক ৪ কেজি ওজনের জেনবুকে আছে ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ও ব্যাকলিট কি-বোর্ড সুবিধা। এটি আট ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। রোজ গোল্ডে ধূসর রঙে এটি বাজারে পাওয়া যাবে।
আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. আল ফুয়াদ জানান, দেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তিপণ্য আনে আসুস। এর ধারাবাহিকতায় ১২টি মডেলের আলট্রাবুক এসেছে। নতুন সংযোজন ইউ এক্স ৪১০ মডেলের ল্যাপটপের দাম হবে ৪৭ হাজার টাকা। বাংলাদেশে প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড আসুসের আলট্রাবুক বিক্রি করবে।