আসুসের নতুন ই পিসি নেট বুক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে নতুন ই পিসি নেট বুক। নতুন এই ই পিসি সমসাময়িক অবস্থা ও বাজারের কথা চিন্তা করে বাজারজাত করা হয়েছে। গতকাল শনিবার গ্লোবাল ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে এই নতুন ই পিসি অবমুক্ত উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাফ বলেন, গ্লোবাল সব সময় ক্রেতাদের কথা চিন্তা করে সবচেয়ে আধুনিক পণ্যটি বাজারে আনার চেষ্টা করে। এর ধারাবাহিকতায় ক্রেতারা নতুন এই পণ্যের মাধ্যমে তাদের চাহিদা পূরণ করতে পারবে।নতুন এই ই পিসি সম্পর্কে আসুসের পণ্য ব্যবস্থাপক এম কে পাশা খান বলেন, বাজারে আসা নতুন ই পিসি শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে সবটুকু সেবা দিতে পারবে। এতে তারা শিক্ষণীয় বিষয়গুলো আনন্দের সঙ্গে চর্চার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার মহীউদ্দিন এ খশরু, গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক জসিম উদ্দিন খন্দকারসহ অনেকে।নতুন ই পিসি ১০০১পিকিউ ১ জিবি র্যাম, ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক ও বিভিন্ন সুবিধাসহ নেট বুকের দাম ২৭ হাজার টাকা। এতে ব্যাটারি ৮ দশমিক ৫ ঘণ্টা ব্যাকআপ দিতে পারবে। ই পিসি ১০০৫পিএক্স ১ দশমিক ৬৬ গিগাহার্টজ ইন্টেল এটম প্রসেসর, ৩৬০ গিগাবাইট হার্ড ডিস্কসহ চারটি রঙের নেট বুকের দাম ২৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া গ্লোবাল ব্র্যান্ড ১০০১পিকিউ, ১০০১পিজি ও ১২০১টি মডেলের বিভিন্ন রং, দাম ও সুবিধাসহ নেট বুক বাজারে এনেছে। —তারিকুর রহমান খান