
তুরস্কে দুর্ঘটনায় আহত সামুদ্রিক একটি কচ্ছপের শরীরে সম্প্রতি ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। ত্রিমাত্রিক বা থ্রিডি প্রিন্টারে তৈরি করা হয় ওই কচ্ছপের চোয়াল। চোয়ালে তৈরিতে শরীর উপযোগী (মেডিকেল-গ্রেড) টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে।
নৌযানের প্রপেলারের আঘাতে ৪৫ কেজি ওজনের দুর্লভ লগারহেড প্রজাতির কচ্ছপটির চোয়াল ভেঙে যায়। ব্যাপারটা নজরে এলে তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কচ্ছপটিকে তুরস্কের ডেনিজলিতে বিশ্ববিদ্যালয়টির সামুদ্রিক কচ্ছপ গবেষণা, উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান। গবেষণাকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা প্রথমে কচ্ছপটিকে তাঁদের হাত দিয়ে খাবার গ্রহণের ব্যবস্থা করলেও এভাবে যে চলতে পারে না তা বুঝতে দেরি হয়নি। বিকল্প ব্যবস্থার সন্ধানে তাঁরা বিটেক ইনোভেশন নামের প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। মানুষের শরীরে প্রতিস্থাপনের জন্য অঙ্গ তৈরিতে প্রতিষ্ঠানটি বিখ্যাত।
কচ্ছপটির মাথার সিটি স্ক্যান করে চোয়ালের নকশা তৈরি করে বিটেক। যা ক্ষতস্থানে চমৎকারভাবে বসেছে। এখন নিজে খেতে পারলেও আকুট-৩ নামের কচ্ছপটিকে পুনর্বাসনকেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধাতব অঙ্গ ব্যবহারে অভ্যস্ত হয়ে গেলে কচ্ছপটিকে সমুদ্রে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা যায়।
বিবিসি অবলম্বনে মেহেদী হাসান