
ঘটনা ১
গ্রামে একটাই বড় বাড়ি। চৌধুরী সাহেবের বাড়ি। চৌধুরী সাহেব মানুষ হিসেবে একটু মন্দ হলেও তাঁর যুবক ছেলে ছোটন চৌধুরী বাপের চেয়ে কয়েক ধাপ এগিয়ে! এমন কোনো কুকর্ম নেই, যা সে করে না। বাপ সাধারণত দেখেও না দেখার ভান করেন। আর ভুলেও যদি সামনাসামনি দেখে ফেলেন, তখনো এমন ভান করেন যেন তিনি কিছুই দেখেননি! ঘটনা ঘটল সেদিন সকালে যখন ছোটন চৌধুরী সারা রাত মহাবিশ্ব নিয়ে মাথা ঘামিয়ে সকালের বাতাস খেতে বের হলো। ওই ভোরবেলায় গ্রামের মাঠে ছোট ছোট ছেলেরা ফুটবল খেলছিল। কয়েকটা ছেলে এভাবে একটা চামড়ার ফুটবলকে ইচ্ছামতো লাথি মারছে আর বলটা নীরবে তা সয়ে যাচ্ছে দেখে ছোটনের বেশ মায়া হলো। সে সঙ্গে সঙ্গে ছোট ছেলেদের দিকে তেড়ে গেল। অসহায় ফুটবলকে উদ্ধার করতে গিয়ে ভেঙে দিল দুটি ছেলের পা। বাকিরা ভয়ে পালিয়ে গিয়ে গ্রামবাসীদের ঘটনা জানাল। যেহেতু ঘটনা ধামাচাপা দেওয়ার আগেই গ্রামবাসী জেনে গেছে, তাই চৌধুরী সাহেব বাধ্য হয়েই ছেলের শাস্তির ব্যবস্থা করলেন। মাস খানেকের জন্য ছেলেকে পাঠালেন এক আত্মীয়ের বাড়িতে।
এরপর যা হলো
গ্রামের মানুষ চৌধুরী সাহেবের প্রশংসায় পঞ্চমুখ। চৌধুরী সাহেব যে কত ভালো মনের মানুষ তা ভেবে তারা বিস্মিত হলো। আপন ছেলেকে শাস্তি দিয়েছেন, শাস্তি হিসেবে এক মাসের জন্য ঘরছাড়া করেছেন, কজন বাবা তা করে! এ রকম মাটির মানুষের প্রশংসা না করে পারা যায়?
ঘটনা ২
মহল্লায় একটাই পুকুর, সেই পুকুরে কচুরিপানা জমে পচে ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে। এগিয়ে আসার যেন কেউ নেই! না সিটি করপোরেশন, না মহল্লার হোমরা-চোমরারা। বাধ্য হয়ে মহল্লায় কলেজপড়ুয়া যে কজন তরুণ ছিল, তারা এগিয়ে এল। এক ছুটির দিনে নিজ উদ্যোগে পুকুরে নেমে তারা পচে যাওয়া কচুরিপানা পরিষ্কার করে দূরে ডাস্টবিনে রেখে আসতে লাগল।
তাদের উদ্দেশ্য যে ভালো, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু মহল্লার জনৈক ব্যক্তি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেন যে এলাকার তরুণ ছেলেরা পুকুরের কচুরিপানা চড়া দামে অন্য এলাকায় পাচার করছে। কর্তৃপক্ষ ঘটনাস্থলে গেল। গিয়ে দেখল আসলেই তাই, কয়েকজন তরুণ ছেলে পুকুরে নেমে কচুরিপানা তুলছে। ব্যস, আর যায় কোথায়! অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সব কজনের কোমরে দড়ি পরিয়ে হাজতে নিয়ে যাওয়া হলো এবং তাদের নামে ‘পানা পাচারকারী’ মামলা দিয়ে জেলে ঢোকানো হলো।
যাদের আটক করা হলো, তাদের মা-বাবা একে-ওকে ধরলেন। লাভ হলো না। পানা পাচারকারী মামলা, সহজে ছাড় পাওয়ার কোনো উপায় নেই। কর্তৃপক্ষকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হলো যে এটা মহল্লার ভালোর জন্যই করা হয়েছিল। কিন্তু প্রথম প্রথম কেউ সে কথা কানেই তুলল না। মাস খানেক বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি আর অনেক টাকা-পয়সা খরচ করার পর তরুণেরা রেহাই পেল।
এরপর যা হলো
মহল্লায় মহল্লায়, ফেসবুকের চিপায়-চুপায় এবং সদ্য গজিয়ে ওঠা ‘মহল্লা ২৪ ডটকম’ নামক মিডিয়াগুলো কর্তৃপক্ষের প্রশংসায় মেতে উঠল। পানা পাচারকারী হিসেবে গ্রেপ্তার হওয়ার পরও তরুণদের যে কোনো অপরাধ ছিল না—এটা কর্তৃপক্ষ বুঝতে পেরেছে এবং তাদের জামিন দিয়েছে, এর চেয়ে বড় আনন্দের খবর যেন আর কিছুই হতে পারে না! কর্তৃপক্ষ কতটা ভালো হলে এ রকম কাজ করতে পারে, সেটাই যেন গবেষণার বিষয়!
ঘটনা ৩
তিনি এলাকার বেশ নামকরা লোক। তাঁর এক দূর সম্পর্কের ভাগনে আছে, যার বয়স নয় বছর। বয়স নয় হলে কী হবে, ভাগনে যে দারুণ প্রতিভাধর—সেটা সে প্রমাণ করেছে। মোটরসাইকেল চালানো শিখেছে সে মাত্র নয় বছর বয়সেই। সেই ভাগনে একদিন মামার মোটরসাইকেল চালাতে গিয়ে রাস্তায় দুটো হাঁস-মুরগিকে ডলা দিয়ে মেরে ফেলল। পাশেই ছিল এলাকার লোকজন। দুর্ঘটনার পরই ভাগনেকে আটক করল সবাই। তবে মামার কলকাঠি নাড়ার কারণে কিছুক্ষণের মধ্যেই কিছু লোক সেখানে উপস্থিত হলো। কৌশলে জনগণের হাত থেকে উদ্ধার করে মোটরসাইকেলে করে ভাগনেকে পৌঁছে দিল নিরাপদ আশ্রয়ে। তবে হাঁস-মুরগিরও যে জীবন আছে, সেটা উপলব্ধি করল কর্তৃপক্ষ। আর আবিষ্কার করল দুর্ঘটনাটি ঘটার পেছনে ওই ভাগনেই একমাত্র কারণ। তাই দেরিতে হলেও নয় বছর বয়সী ভাগনের বিরুদ্ধে মামলা করা হলো।
এরপর যা হলো
কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতায় হাঁস-মুরগি সমাজ ধন্য ধন্য করতে লাগল। যে কর্তৃপক্ষ অপরাধের দায়ে নয় বছর বয়সী একটা শিশুকে গ্রেপ্তার করতে পারে, তাদের ধন্যবাদ না দিয়ে উপায় কী!