আয় বেড়েছে গ্রামীণফোনের

মোবাইল অপারেটর গ্রামীণফোন চলতি বছরের প্রথম ছয় মাসে ৫ হাজার ১১০ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা ২০১৩ সালের একই সময়ের তুলনায় শতকরা ৭.৮ ভাগ বেশি। আজ মঙ্গলবার গ্রামীণফোন তাদের এ বছরের দ্বিতীয় প্রান্তিকের আয়ের তথ্য প্রকাশ করেছে।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের এই সময়ের তুলনায় প্রদত্ত সেবা থেকে রাজস্ব বেড়েছে ৭.৫ ভাগ এবং ডিভাইস ও অন্যান্য খাত থেকে আয় বেড়েছে ১৪.৩ ভাগ। গ্রাহক বৃদ্ধি, ভয়েস, থ্রিজি ও টুজি ডেটা ব্যবহার, এসএমএস এবং কনটেন্ট-সেবা থেকে রাজস্ব বাড়ায় এই প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক কল থেকে আন্তসংযোগ রাজস্ব বৃদ্ধি ও ডিভাইস বিক্রি বেড়ে যাওয়ায় আয় বেড়েছে।
২০১৪-এর দ্বিতীয় প্রান্তিকে ছয় লাখ নতুন গ্রাহক সংগ্রহ করেছে গ্রামীণফোন। মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯২ লাখ এবং মার্কেট শেয়ার হয়েছে ৪২.১ শতাংশ। ট্যাক্স দেওয়ার পর নিট মুনাফা ১০৬০ কোটি টাকা দাঁড়িয়েছে।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৬২০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৯.৫ ভাগ এবং গত প্রান্তিকের তুলনায় ৫.১ ভাগ বেশি। এ প্রান্তিকে থ্রিজি ও টুজির গ্রাহক বেড়ে যাওয়ায় গ্রামীণফোনের ডেটা ব্যবহার বেড়েছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী বিবেক সুদ বলেন, ‘আরেকটি সফল প্রান্তিক কাটাল গ্রামীণফোন। রাজনৈতিক স্থিতিশীলতা, গ্রামীণফোনের প্রতি আস্থা এই সাফল্যের পেছনে কাজ করেছে। এ সময়ে সবার জন্য ইন্টারনেট প্রদানের লক্ষ্য এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের সহায়ক হিসেবে কোম্পানির অবস্থানকে তুলে ধরার কাজটি দক্ষতার সঙ্গে করা হয়েছে।’
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের প্রথমার্ধে ৬৪ জেলায় থ্রিজি ও টুজি বিস্তার এবং ধারণক্ষমতা বাড়াতে ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর ফলে কার্যক্রম শুরুর পর থেকে গ্রামীণফোনের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার কোটি টাকা।