আয়ু-ঘড়ি!

সময় দ্রুত ফুরিয়ে আসছে। প্রতিদিনই একটু একটু করে ফুরিয়ে আসছে আমাদের জীবনের আয়ু। কিন্তু কতদিন বাঁচব তার খবর কী আমরা জানি? সম্প্রতি ফ্রেডরিক কোলটিং নামের একজন মার্কিন নকশাবিদ আয়ু মাপার বিশেষ ধরনের একটি ঘড়ি তৈরি করেছেন। এ ঘড়ি দেখেই নাকি বোঝা যাবে আয়ুর সময় আর কতটুকু আছে! ‘টিককার’ নামের এ ঘড়িটিকে সেক্ষেত্রে আয়ু-ঘড়িও বলা যায়, কী বলেন?
এ প্রসঙ্গে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, টিককার ঘড়ির নকশাবিদেরা দাবি করেছেন, ডিজিটাল স্মার্টওয়াচ ব্যবহারকারীদের আয়ু সম্পর্কে ধারণা দেবে। ব্যবহারকারীকে তাদের স্বাস্থ্য ও বয়স সংক্রান্ত তথ্য ঘড়িতে দিয়ে রাখতে হবে। তখন ঘড়িতে নির্দিষ্ট ঘণ্টা, মিনিট, সেকেন্ডের হিসাবে আয়ুষ্কাল দেখাবে।
এ ঘড়িতে নির্ধারিত সময়ে কেউ মারা যাবেন কিনা সে বিষয়টি নিয়ে চিন্তা না করে নকশাবিদেরা বলছেন, ব্যবহারকারীরা যাতে সময়ের অপব্যবহার না করেন এ ঘড়ি থেকে সে উত্সাহ পাবেন। জীবনের কতটুকু সময় আর বাকি আছে আর সে অনুযায়ী কি কাজ তার করণীয় তা নিয়ে ভাবতে পারবেন ব্যবহারকারী।
সময়ের সদ্ব্যবহারের লক্ষ্য নিয়েই এ ঘড়ি তৈরি করা হয়েছে বলে নকশাবিদেরা জানিয়েছেন। ঘড়ি ধরে চলতে পারলে জীবনে সবকিছু নিয়মমাফিক করতে পারবেন এবং ব্যবহারকারী সুখী হবেন। তাই একে অনেকে সুখ-ঘড়ি নামেও ডাকছেন।