ই-এশিয়া ও মন্থন পুরস্কার পেল বিবিসি জানালা
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত ইংরেজি শেখার উদ্যোগ ‘বিবিসি জানালা’ সম্প্রতি দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। মুক্ত ও দূরশিক্ষণ বিভাগে ‘ই-এশিয়া পুরস্কার ২০১১’ এবং ‘ই-এডুকেশন অ্যান্ড লার্নিং’ বিভাগে ভারতভিত্তিক মন্থন পুরস্কার পেয়েছে বিবিসি জানালা। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) ইউকেএইডের অর্থায়নে ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্পের আওতায় ২০১৭ সালের মধ্যে বাংলাদেশের দুই কোটি ৫০ লাখ মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার লক্ষ্যে বিবিসি জানালা পরিচালিত হচ্ছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিবিসি জানালা মোবাইল ফোন, ওয়েবসাইট, টেলিভিশন অনুষ্ঠান ও দৈনিক সংবাদপত্রে ‘লেসন’ প্রকাশের মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ মানুষকে সহজে ও সাধ্যের মধ্যে ইংরেজি শিখতে সাহায্য করছে। এর আগে বিবিসি জানালা ‘মাইক্রোসফট শিক্ষা পুরস্কার ২০১০’, ‘জিএসএমএ পুরস্কার ২০১১’, ‘ওয়ার্ল্ড সামিট পুরস্কার ২০১১, ‘এম-বিলিয়নথ্ পুরস্কার’ ও ‘ওয়াইজ পুরস্কার’ পেয়েছে।