ই-এশিয়ার সহযোগীদের সঙ্গে চুক্তি হলো
ই-এশিয়া ২০১১ আয়োজনের জন্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোল্ড স্পনসর হিসেবে হুয়াউই ও কিউবি, সিলভার স্পনসর সিসকো সিস্টেম, স্মার্ট টেকনোলজিস ট্র্যাক স্পনসর এবং নলেজ পার্টনার ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ই-এশিয়া ২০১১ সচিবালয়ে চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পক্ষে বিসিসির সচিব এনামুল কবীর এবং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব রফিকুল ইসলাম, বিসিসির নির্বাহী পরিচালক বেগম নূরজাহান, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, ই-এশিয়া ২০১১ সচিবালয়ের দলনেতা লুসা মির্জাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সরকারি-বেসরকারি উদ্যোগে এশিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাঁরা বলেন, এ অঞ্চলে প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য এই আয়োজন অনেক বড় ভূমিকা রাখবে। উল্লেখ্য, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-এশিয়া সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। — বায়েজিদ জুয়েল