ই-কমার্স জনপ্রিয় করতে প্রয়োজন প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ই-কমার্স একটি নতুন বিষয়। তাই সারা দেশের মানুষকে ই-কমার্সে আগ্রহী করে তুলতে দরকার ব্যাপক প্রচারণা। ই-কমার্স একটি সম্ভবনাময় অর্থনৈতিক খাত হয়ে উঠতে পারে। গতকাল শনিবার রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে ‘ই-কমার্স ইন বাংলাদেশ: হাউ রেডি আর উই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশ ব্যাংকের যৌথ আয়োজনে চলতে থাকা ‘ই-কমার্স সপ্তাহ ২০১৩’ উপলক্ষে গোলটেবিলের আয়োজন করা হয়।বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘আমাদের দেশে ই-কমার্স সাইটে যাঁরা ব্যবসা করছেন, তাঁরা অনেকটা নিজ উদ্যোগেই শুরু করেছেন। তাঁদের সরকারিভাবে সমর্থন দেওয়া উচিত।’ তিনি বলেন, ‘ই-কমার্সের মাধ্যমে নিজের ব্যস্ত সময়ের মাঝেও প্রয়োজনীয় দ্রব্য বা অর্থ লেনদেন করা যায়। সুতরাং, সময় ও ঝামেলা দুই-ই এড়ানো সম্ভব।’বৈঠকের সভাপতি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, যেহেতু ই-কমার্স একটি সম্ভাবনাময় খাত, তাই এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি সরকারের সুনজর দেওয়া দরকার। বৈঠকে বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব নজরুল ইসলাম খান, ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান, বর্তমান সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, বাংলাদেশ উইমেন চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সহসভাপতি হাসিনা নেওয়াজ, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, প্রিয় ডটকম সম্পাদক জাকারিয়া স্বপন, ই-কমার্স সপ্তাহ ২০১৩-এর আহ্বায়ক শামীম আহসানসহ আরও অনেকে। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন।বক্তারা বলেন, ই-কমার্সের অবকাঠামোগত উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। যেহেতু দেশে ইন্টারনেট ব্যবহারের চেয়ে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বেশি তাই মুঠোফোনে কীভাবে ই-কমার্সের উন্নয়ন করা যায়, তা নিয়ে ভাবনার প্রয়োজন। ই-কমার্সের অন্যান্য আয়োজনের মধ্যে গতকাল শেষ হয়েছে বিশেষ ই-কমার্স প্রদর্শনী এবং বিশেষ কনসার্ট। —হাসান ইমাম