ই-কমার্স নিয়ে খুলনায় সেমিনার
খুলনায় বিসিএস ডিজিটাল এক্সপো মেলায় বাংলালায়নের উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি ‘ই-কমার্স: নতুন দিগন্তের উন্মোচন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রধান বক্তা বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক অপারেশনস আজহার এইচ চৌধুরী বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে এবং খুলনা অঞ্চলে দ্রুত গ্রাহকসেবা দিতে বাংলালায়ন বিশেষ অবদান রাখবে।সেমিনারে ই-কমার্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীদের কীভাবে ই-কমার্সে সম্পৃক্ত করা যায় এবং তাঁদের ব্যবসা-বাণিজ্যকে কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে কথা বলেন বক্তারা।বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা চার থেকে পাঁচ শতাংশ। ২০২০ সালের মধ্যে ৪০ শতাংশ মানুষকে ইন্টারনেটের আওতায় আনার যে পদক্ষেপ সরকার নিয়েছে, বাংলালায়ন তাতে সহযোগিতা করবে বলে সেমিনারে জানানো হয়। সেমিনার শেষে ওয়াইম্যাক্স-বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ বিজয়ী ব্যক্তিরা হলেন, রহমত উল্লাহ রুবেল (আজম খান কমার্স কলেজ), নাজমুস সাকিব (বিএল কলেজ), প্রিন্স, রফিকুল ইসলাম (খুলনা ওয়াসা), শহিদুল ইসলাম, (বিএল কলেজ) প্রমুখ।সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখার চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, বাংলালায়নের খুলনা বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ অনেকে। —নিজস্ব প্রতিবেদক, খুলনা