ই-কমার্স নীতিমালা প্রণয়নে সভা
১৩ আগস্ট ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) কার্যালয়ে ই-কমার্স নীতিমালা গঠনের উদ্দেশ্যে ই-কমার্সের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশ গ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ই-কমার্স নীতিমালার খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের নির্দেশনায় তৈরি করা ই-কমার্স নীতিমালার প্রথম খসড়া সংস্করণ ইতিমধ্যেই ই-ক্যাবের পক্ষ থেকে আইসিটি বিভাগে জমা দেওয়া হয়েছে।
সভায় বিদেশি বিনিয়োগ, বিনিয়োগ ও বিমা, অনলাইনে নিরাপত্তা, পেমেন্ট গেটওয়ে, পণ্য বণ্টন সেবা, ডোমেইন ও হোস্টিং, আইনি বিধিনিষেধ, সক্ষমতা উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো এবং বাংলাদেশের ই-কমার্স খাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণের ওপর বক্তারা জোর দেন। শিগগিরই ই-ক্যাবের উদ্যোগে বিষয়ভিত্তিক ই-কমার্স নীতিমালা সংলাপ অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব সৈয়দ মোহাম্মদ কাউসার হোসেন, এসএসএল ওয়্যারলেসের প্রধান পরিচালন কর্মকর্তা আশীষ চক্রবর্তীসহ অনেকে।
বিজ্ঞপ্তি