আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট সামনে রেখে সফটওয়্যার খাতের বড় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে বেশ কিছু প্রস্তাব দিয়েছে। ই-কমার্সের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে মূল্য সংযোজন করের আওতামুক্ত রাখার প্রস্তাব দিয়েছে বেসিস। প্রস্তাবের মধ্যে আরও আছে সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তিসেবাকে (আইটিইএস) নতুন কোডের আওতায় আনা। যেহেতু সফটওয়্যার একটি সেবা, তাই একে দৃশ্যমান পণ্যের পরিবর্তে সেবা হিসেবে বিবেচনা করার কথা উল্লেখ করা হয়েছে বেসিসের সংবাদ বিজ্ঞপ্তিতে।আগামী বাজেটে ইন্টারনেট ব্যবহারের ওপর বিদ্যমান ১৫ শতাংশ মূসক প্রত্যাহারের দাবি করেছে বেসিস। বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর গতকাল সোমবার প্রথম আলোকে জানান, ‘এনবিআরে দেওয়া প্রস্তাবের বাইরে অর্থমন্ত্রীর সঙ্গে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য সময় চেয়েছি। সেখানে আমরা তথ্যপ্রযুক্তিশিল্প উন্নয়ন তহবিল ও কর্তৃপক্ষ গঠনের কথা বলব। জাতীয় তথ্যপ্রযুক্তি নীতিমালা অনুযায়ী তথ্যপ্রযুক্তিশিল্প উন্নয়ন তহবিলের ৭০০ কোটি টাকার ১০ শতাংশ অর্থাৎ ৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার ব্যাপারে বলব।’ —নুরুন্নবী চৌধুরী