ই-কমার্স প্রসারে চট্টগ্রামে ই-ক্যাব

সম্প্রতি ই-কমার্সের কার্যক্রমকে ছড়িয়ে দিতে চট্টগ্রামে তিন দিনের সফর করেছে ই-কমার্সভিত্তিক সংগঠন ই-ক্যাব। সেখানকার ই-কমার্স ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ই-কমার্সের সমস্যা ও সমাধানের বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন সংগঠনটির সদস্যরা।
দেশের সব জেলায় ই-কমার্সকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ৮ নভেম্বর ই-ক্যাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
২১ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ই-ক্যাব। এই সংবাদ সম্মেলনে দেশের ইন্টারনেটভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নীতিমালার আওতায় আনার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ এবং যুগ্ম সম্পাদক মীর শাহেদ আলী।
ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ বলেন, ‘ই-কমার্সকে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে ই-ক্যাব যাত্রা শুরু করেছে। ই-কমার্সকে শুধু কয়েকটি বড় বড় শহরেই সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা দেশের সব জেলায় ই-কমার্স ছড়িয়ে দিতে চাই।’
মেজবাহ উদ্দিন বলেন, ‘বন্দরনগর চট্টগ্রামে ছোট-বড় অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। ই-কমার্সের ব্যাপারেও চট্টগ্রাম গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হবে বলে আশা করি। ই-কমার্স সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনবে এই আশাও করি।’