ই-কমার্স বাড়াবে মোবাইল ব্যাংকিং

ই-কমার্সের ক্ষেত্রে অর্থ লেনদেন বিষয়ক সমস্যা সমাধানে মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গতকাল ঢাকায় আয়োজিত ‘মোবাইল ব্যাংকিং ফর ই-কমার্স বিজনেস’ শীর্ষক সেমিনারে বক্তারা ই-কমার্সের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরে এ কথা বলেন। তাঁরা বলেন, পণ্য পৌঁছে দেওয়ার সময় নগদ অর্থ পরিশোধের মতো সমস্যার সমাধান হতে পারে মোবাইল ব্যাংকিং। অবশ্য মোবাইল ব্যাংকিং সুবিধাকে কাজে লাগিয়ে লেনদেনের বিষয়টিতে সচেতন হওয়া প্রয়োজন বলেও জানান তাঁরা।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা বিষয়ক গ্রুপ ‘চাকরি খুঁজবো না চাকরি দেব’র ( https://www.facebook.com/uddoktabd) আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোবাইল ব্যাংকিং সেবাদান প্রতিষ্ঠান সিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান। আলোচনায় অংশ নেন দেন প্রিয় ডট কমের সম্পাদক জাকারিয়া স্বপন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং বিভাগের প্রধান তাহের আহমেদ চৌধুরী এবং জিএনআরের ব্যাবস্থাপক লুৎফী চৌধুরী। সেমিনার সঞ্চালনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।
দেশি জবস ডটকমের সহায়তায় আযোজিত সেমিনারের পৃষ্ঠপোষক ছিল সিওরক্যাশ।
বক্তারা বলেন, আমাদের দেশে ই-কমার্স বেড়েই চলছে। বর্তমানে প্রায় ২০০ কোটি টাকার বাজার রয়েছে ই-কমার্সের। একই সঙ্গে দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকও বাড়ছে। কিন্তু মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে কেনাকাটার পরিমাণ কম। এক্ষেত্রে ই-কমার্স সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের লেনদেন পদ্ধতি হিসেবে মোবাইল ব্যাংকিং বেছে নিলে এই দুটি খাতই এগিয়ে যাবে।