ই-কমার্সে উত্তরণের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনলাইন ইন্টারনেট চালু হওয়ার ১৩ বছর পর সত্যিকারের ইলেকট্রনিক বাণিজ্য অর্থাত্ ই-কমার্স চালুর অনুমতি মিলল ২০০৯ সালে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে গত বছরের শেষভাগে দেশের সব ব্যাংককে ইলেকট্রনিক মাধ্যমে অর্থ লেনদেন করার অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই অনুমোদনের ফলে দেশের মধ্যে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করে দাম পরিশোধ করা যাবে। আবার একই ব্যাংকের এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ লেনদেন করা যাবে অনলাইনের মাধ্যমে। সত্যিকারের ই-কমার্সে প্রবেশের জন্য এই অনুমোদন প্রয়োজনীয় ছিল। এর সুফল চলতি বছরে খুব ভালোভাবে পাওয়া যাবে।নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ছিল। তাই নির্বাচনে বিজয়ী হয়ে এ দলটি সরকার গঠনের পর সারা বছর ধরেই ডিজিটাল বাংলাদেশ বিষয়টি আলোচনায় এসেছে। তবে ডিজিটাল বাংলাদেশের কোনো রূপরেখা গত এক বছরে সরকার প্রণয়ন করেনি। সবকিছুতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ২০২১ সাল নাগাদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য বারবার ব্যক্ত করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সেই সমৃদ্ধ বাংলাদেশকেই তাঁরা বলছেন ডিজিটাল বাংলাদেশ। বছরজুড়েই ডিজিটাল শব্দটি কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক অর্থে সাধারণ মানুষের মধ্যে আলোচিত হয়েছে। ইন্টারনেটে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগসহ নানা দপ্তরের উপস্থিতি আগের চেয়ে বেড়েছে ২০০৯ সালে। বাংলা ভাষায় ওয়েবসাইট তৈরির উদ্যোগও দেখা গেছে বেশ। বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টাল বাংলাদেশ ডট গভ ডট বিডির বাংলা সংস্করণ চালু করা হয়েছে ২০০৯ সালের প্রথম ভাগেই। তবে নভেম্বর মাসে এই পোর্টালটি প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ইন্টারনেটে দেখা যায়নি, যা ছিল অনাকাঙ্ক্ষিত। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি (www.molwa.gov.bd) গত বছর বেশ সমৃদ্ধ একটি রূপ পেয়েছে। গত ১৬ ডিসেম্বর এতে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে। আর তা বাংলায়। এ সাইটকে সমৃদ্ধ করার উদ্যোগ প্রশংসার দাবি রাখে। দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি-সেবা রপ্তানির হার আগের দু-তিন বছরের চেয়ে গত বছর বেড়েছে। বিশ্ববাণিজ্যে মন্দাবস্থা থাকার পরও ২০০৮-০৯ অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে ৩২ শতাংশ। এই অর্থবছরে বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি হয়েছে মোট তিন কোটি ২৯ লাখ ১০ হাজার ডলারের। তবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বয়স, অভিজ্ঞতা, সুযোগ-সুবিধার কথা বিবেচনা করলে রপ্তানির এ হার এখনো উল্লেখ করার মতো কিছু নয়। একই খাতে দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশই এর চেয়ে বেশি রপ্তানি আয় করে থাকে। প্রযুক্তির বিকাশ ও প্রসারের স্বাভাবিক নিয়ম মেনে বাংলাদেশেও তথ্যপ্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। গত বছরও এর ব্যতিক্রম দেখা যায়নি। গত বছর প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে স্নাতক শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করে। মুঠোফোনের মাধ্যমে বঙ্গবন্ধু নভোথিয়েটারের টিকিট কাটার সুবিধা চালু হয়েছে গত বছর। মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুত্ বিল পরিশোধের সুবিধা গত বছর আরও বেশি সম্প্রসারিত হয়েছে। জীবনযাপনে প্রযুক্তির ব্যবহার আরও বেশি করে দেখা গেছে গত বছর। গত কয়েক বছরের ধারায় ২০০৯ সালেও ল্যাপটপ কম্পিউটারের বিক্রি ছিল উল্লেখযোগ্য। ল্যাপটপ কম্পিউটারের চেয়ে আকারে ছোট এবং দামে সস্তা নেটবুক কম্পিউটারও দেশের বাজারে বেশ বিক্রি হয়েছে গত বছর। আকারে বড়সড় সিআরটি (ক্যাথোড রে টিউব) মনিটর গত বছর দেশের বাজারে প্রায় ছিলই না বলতে গেলে। এর জায়গা দখল করে নিয়েছে এলসিডি (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) মনিটর। উন্নত দেশের মতো জাঁকজমকের সঙ্গে পণ্য বাজারজাত করার চল বেশি দেখা গেছে গত বছর। ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি পণ্যের বিপণনে ফ্যাশন শোর আয়োজনও ছিল উল্লেখ করার মতো। মোবাইল ফোনসেটের ক্ষেত্রে দেখা গেছে, আধুনিক প্রযুক্তির সুযোগ-সুবিধাযুক্ত সেটের চাহিদা বেশি। বরাবরের মতো দেশের বাজারে নকিয়া মোবাইল ফোনসেটের দাপট ২০০৯ সালেও ছিল সবচেয়ে বেশি। তবে সস্তা কিন্তু বেশি সুবিধা থাকায় সাধারণ মানুষের কাছে চীনে তৈরি মোবাইল ফোনসেটের একটা বড় চাহিদা দেখা যায়।ইন্টারনেটে বাংলায় ব্লগচর্চার হার গত বছর আরও বেড়েছে। বাংলা ব্লগসাইটগুলোয় এখন নিবন্ধিত ব্লগারের সংখ্যা ৫০ হাজারের বেশি। গত বছরের ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস পালনের ঘোষণাও দেওয়া হয়েছে।সব মিলিয়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার গত বছর আরও বেড়েছে, প্রযুক্তি আরও সহজলভ্য হয়েছে—এ কথা বলাই যায়।