ই-কমার্সে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ই-কমার্সে স্থানীয় ভাবে সেবা দিতে উঠে এসেছে অনেক প্রতিষ্ঠান।
দেশে ই-কমার্সে স্থানীয় ভাবে সেবা দিতে উঠে এসেছে অনেক প্রতিষ্ঠান।

বিশ্বজুড়ে বাংলাদেশ এখন অনেক ক্ষেত্রেই উদাহরণ হয়ে উঠছে। ই-কমার্সেও তাই। এই ক্ষেত্রটিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশ হিসেবে অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশের ই-কমার্সে এগিয়ে যাওয়ার বিষয়টির উদাহরণ টেনে আনা হয়েছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (ইউএনসিটিএডি) করা সাম্প্রতিক এক গবেষণায়।

ইউএনসিটিএডির প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোর ই-কমার্সে যুক্ত হওয়ার দারুণ সুযোগ এখন। এই ক্ষেত্রটি থেকে লাভবান হওয়ার সুযোগ এখন দ্রুত বাড়ছে। প্রথমত, মোবাইল ফোনের ব্যবহার বেড়েছে যোগাযোগ সুবিধা উন্নত হয়েছে, সামাজিক যোগাযোগের হার বেড়েছে এবং ইন্টারনেট ব্যবহারের হারও বেড়েছে। দ্বিতীয়ত, নতুন ই-কমার্স অ্যাপ্লিকেশন, প্ল্যাটফর্ম এবং পেমেন্ট সুবিধার কারণে ই-কমার্সের ব্যবহার সহজতর হয়েছে। তৃতীয়ত, স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ই-কমার্স সেবার মাধ্যমে স্থানীয় লোকজনের চাহিদা পূরণ করতে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোতে ছড়িয়ে পড়ছে।

এ ক্ষেত্রে ই-কমার্স প্রসারের উদাহরণ হিসেবে বাংলাদেশ ও কম্বোডিয়ার নাম বলা হয়েছে। বাংলাদেশের মতো দেশের স্থানীয় বাজারে গ্রাহকদের সুবিধার্থে নতুন ই-কমার্স সাইট উঠে আসছে এবং গ্রাহকদের অনলাইনে ব্রাউজ করার ও পণ্য ফরমায়েশ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। ইউএনসিটিএডির গবেষণায় বাংলাদেশের মোবাইলে অর্থ লেনদেনের সেবা বিকাশের কথাও উঠে এসেছে। ই-কমার্সের প্রসারে বিকাশ ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
জাতিসংঘের ট্রেড বডি হিসেবে পরিচিত ইউএনসিটিএডি ২৪ মার্চ বিজনেস-টু-কনজুমার (বিটুসি) ইলেকট্রনিক কমার্স নামের একটি সূচক প্রকাশ করেছে, যেখানে ১৩০টি দেশের নাম প্রকাশ করা হয়েছে। ইন্টারনেট ব্যবহার, নিরাপদ সার্ভার, ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ার হার ও পোস্টাল ডেলিভারি সিস্টেম এই চারটি বিষয় বিবেচনায় রেখে এই সূচক তৈরি করা হয়েছে। ১৩০টি দেশের মধ্যে অবশ্য বাংলাদেশের ঠাঁই হয়নি। ইউরোপের ছোট ছোট দেশগুলো এই সূচকের শীর্ষে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে লুক্সেমবার্গ, নরওয়ে ও ফিনল্যান্ড। উন্নয়নশীল ও বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে পূর্ব এশিয়ার দেশগুলো ঠাঁই করে নিয়েছে। এর মধ্যে রয়েছে কোরিয়া, হংকং ও সিঙ্গাপুর। অবশ্য অনলাইনে কেনাকাটার দিক থেকে ব্রাজিল, চীন ও রাশিয়া ফেডারেশন ভালো করছে।
ইউএনসিটিএডির প্রতিবেদনের কথা উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, অনলাইন ক্রেতাদের মধ্যে বিশ্বের সবচেয়ে অসুখী হচ্ছেন ভারতের ক্রেতারা। ইউএনসিটিএডির সুচকে ভারতের অবস্থান ৮৩। অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ করার দিক থেকে বিশ্বের চতুর্থ স্থানে ভারত। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান এখন চীনের আলীবাবা। এরপরেই রয়েছে আমাজন ও ইবে।
এই সূচক সম্পর্কে বলা হয়, এটি তালিকায় থাকা দেশগুলোকে তাদের সামর্থ্য ও দুর্বলতার বিষয়টি দেখতে সাহায্য করবে। যেমন ল্যাটিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, এশিয়া ও ওসেনিয়া অঞ্চলে পোস্টাল হোম ডেলিভারির বিষয়টি উন্নত করা জরুরি। আফ্রিকা অঞ্চলে ইন্টারনেট ব্যবহার কম হওয়ায় ই-কমার্সের প্রসার হচ্ছে না।
ইউএনসিটিএডির মহাসচিব মুখিশা কিতুয়ি বলেন, ‘ডিজিটাল অর্থনীতি প্রসারিত হচ্ছে এবং অধিক ব্যবসা কার্যক্রমে তার প্রভাব পড়ছে। তাই সরকারের নীতিমালার ওপর অধিক গুরুত্ব দেওয়া উচিত যাতে টেকসই উন্নয়নের জন্য ই-কমার্সের ব্যবহার বাড়ানো যায়।’
বর্তমানে বিজনেস টু বিজনেস (বিটুবি) তুলনায় বিজনেস-টু-কনজুমার (বিটুসি) এর মূল্যমান অনেক কম। বিটুবি মূল্য যেখানে ১৫ ট্রিলিয়নে দাঁড়িয়েছে, সেখানে বিটুসি মূল্য এখন মাত্র ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। তবে এশিয়া ও আফ্রিকায় বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এই ক্ষেত্রটি দ্রুত বাড়ছে। ২০১৮ সাল নাগাদ উন্নয়নশীল ও পরিবর্তনশীল অর্থনীতির দেশগুলোতে বিটুসি ই-কমার্স আরও ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে।
এই ক্ষেত্রটিতে উন্নতি করতে তথ্য-প্রযুক্তি অবকাঠামো খাত, লজিস্টিক ও ট্রেড সুবিধা, আইনগত ও নিয়ন্ত্রিত পরিবেশ, ই-পেমেন্ট সিস্টেম, প্ল্যাটফর্ম ও দক্ষতা উন্নয়নের মতো বিষয়গুলোতে নীতিনির্ধারণী ভূমিকা নিতে হবে। আন্তর্জাতিক আলোচনা ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে ই-কমার্সের প্রচার বাড়াতে হবে। আন্তর্জাতিক ব্যবসায়িক নিয়মকানুন, কর, সক্ষমতা বাড়ানোর মতো বিষয়গুলোতে জোর দিতে হবে।
(পূর্ণ প্রতিবেদন পড়ার লিংক http://unctad.org/en/PublicationsLibrary/ier2015_en.pdf)