ই-কমার্সে ভোক্তার অর্থ ও তথ্যের সুরক্ষা জরুরি

প্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের সহজলভ্যতা কাজে লাগিয়ে করোনাকালে ঘরবন্দী মানুষ ই-কমার্সের মাধ্যমে অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে পড়েছেন। আর তাই অন্য যেকোনো খাতের তুলনায় বাংলাদেশে ই-কমার্স খাতের লেনদেন, উদ্যোক্তা, গ্রাহকের সংখ্যা এবং কর্মসংস্থানের গতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে আড়াই হাজার ই-কমার্স প্রতিষ্ঠান ও অনলাইনভিত্তিক প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন। বর্তমানে ই-কমার্স খাতের আকার ১০০ কোটি ডলার হলেও ২০২৩ সালে হবে ৩০০ কোটি মার্কিন ডলার বা ২৬ হাজার কোটি টাকা।
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের তথ্য অনুযায়ী, করোনার মধ্যে ই-কমার্সে দুই লাখ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। ২০২৪ সালের মধ্যে আরও তিন লাখ কর্মসংস্থানের সুযোগ মিলবে। করোনাকালের আগের তুলনায় বর্তমানে প্রায় পাঁচ গুণ বেশি পণ্য অনলাইনে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সামাজিক মাধ্যম ব্যবহার করেই ঘরে বসে ব্যবসা করছেন হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তা।

বাংলাদেশের ই-কমার্স খাতের সম্ভাবনা নিয়ে নতুন করে কোনো সংশয়ের অবকাশ নেই। কিন্তু সংশয় তৈরি হয়েছে এর ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিয়ে। ব্যবস্থাপনা দুর্বলতার কারণে ভোক্তার সুরক্ষা ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে ভোগান্তির পাশাপাশি অর্থ ও ব্যক্তিগত তথ্য হারিয়ে প্রতারিতও হচ্ছেন ভোক্তারা। ফলে দ্রুত বর্ধনশীল এই খাতে ভোক্তারা আস্থার সংকটে পড়ছেন।

ই-কমার্স খাতে ভোক্তার অর্থের ও তথ্যের সুরক্ষা খুবই জরুরি। পণ্য কেনার পর নির্দিষ্ট সময়ে ভালো মানের পণ্য পাওয়ার অধিকার রয়েছে ভোক্তাদের। সময়মতো ভালো মানের পণ্য না পেলে ভোক্তারা চাইলেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে সমাধান পেতে পারেন। ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী সময়মতো পণ্য না পাওয়া ছাড়াও মিথ্যা বিজ্ঞাপন, ওজন বা মাপে কারচুপি, নকল পণ্য বা মেয়াদোত্তীর্ণ পণ্যের ক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থা রয়েছে। ভোক্তা অধিকার আইন ছাড়াও অন্তত ১৮টি আইনে ভোক্তার স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সব আইনকানুনকে পাশ কাটিয়ে সম্প্রতি ই-কমার্স খাতে বেশ কয়েকটি বড় অঘটন ঘটেছে। হাজার হাজার ক্রেতার শত শত কোটি টাকা অনিরাপদ হয়ে পড়েছে। এর কারণ হলো, ই-কমার্স খাতে ভোক্তার অর্থের নিরাপত্তা নিয়ে শক্ত কোনো ব্যবস্থা আমরা আজও প্রতিষ্ঠিত করতে পারিনি। ই-কমার্স খাতে ভোক্তার অর্থের ও তথ্যের সুরক্ষা খুবই জরুরি। পণ্য কেনার পর নির্দিষ্ট সময়ে প্রচলিত আইনে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরই কেবল প্রতিকার পাওয়া যায়। ই-কমার্সে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নয়, আগেই নিরাপত্তা প্রয়োজন।

বিষয়টি দেরিতে হলেও আমরা উপলব্ধি করেছি। ২০১৯ সালের জানুয়ারিতে দেশে ‘জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা-২০১৮’ অনুমোদন করা হয়েছে। ২০২০ সালের জুনে এসে সেটি সংশোধন করা হয়। ক্রেতাদের অর্থের নিরাপত্তায় গত বছরের ৩০ জুন বাংলাদেশ ব্যাংক এস্ক্রো সার্ভিস চালু করে। গ্রাহকের অর্থ ছাড়ের বিষয়ে বাধ্যবাধকতা থাকলেও বড় একটি দুর্বলতা রয়েছে এস্ক্রো সার্ভিসে।

‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১’-এ বলা হয়েছে, ‘এস্ক্রো সার্ভিসের মাধ্যমে বিক্রেতা পণ্যের মূল্য শতভাগ অগ্রিম নিতে পারবেন। মূল্য পরিশোধের পর একই শহরের ক্ষেত্রে পাঁচ দিন এবং অন্য শহরে ১০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে না পারলে ১০ দিনের মধ্যে গ্রাহকের অর্থ যে মাধ্যমে নেওয়া হয়েছিল, সেখানে ফেরত দিতে হবে।’ এ নির্দেশনা মূলত বিক্রেতার জন্য।

৩০ জুন ২০২১–এ বাংলাদেশ ব্যাংকের এস্ক্রো সার্ভিসের নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহক থেকে প্রাপ্ত অর্থ আর্থিক সেবাদানকারী (পেমেন্ট গেটওয়ে) প্রতিষ্ঠানের কাছে একটি নিজস্ব সেটেলমেন্ট অ্যাকাউন্টে জমা থাকবে। পণ্য ডেলিভারি হওয়ার পর কাগজপত্র যাচাই করে সেই অ্যাকাউন্ট থেকে বিক্রেতাকে অর্থ দেওয়া হবে। কিন্তু ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকায় যে ১০ দিনের কথা বলা হয়েছে, সেই সময় পার হওয়ার পর বিক্রেতা পণ্য ডেলিভারি না দিলেও গ্রাহক তাঁর টাকা ফেরত পাচ্ছেন না। নির্দেশিকায় ১০ দিনের মধ্যে টাকা ফেরত পাওয়ার কথা বলা হলেও এস্ক্রো সার্ভিসে গেটওয়েগুলোকে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তারা গ্রাহকের টাকা ফেরত দিতে গেলে বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ক্লিয়ারেন্স দাবি করে। ফলে গ্রাহককে হয়রানির মধ্যে পড়তে হয়। এস্ক্রো ও ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকার এই দুর্বলতার কারণে বর্তমানে হাজার হাজার গ্রাহকের শত শত কোটি টাকা আটকে আছে। এ জন্য নির্ধারিত সময়ে বিক্রেতা পণ্য সরবরাহ না করলে এস্ক্রো সার্ভিসে গ্রাহকের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া প্রয়োজন। তাহলে ভোক্তারা এই সার্ভিসের কার্যকর সুফল পাবেন এবং তাঁর অর্থের নিরাপত্তা পাবেন।

ডিজিটাল যুগে ভোক্তার অর্থের নিরাপত্তার পাশাপাশি তথ্যের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনলাইনে ভোক্তাদের তথ্য বিভিন্নভাবে অপব্যবহারের সুযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশে ভোক্তাদের তথ্য একেবারেই সহজলভ্য বিষয়ে পরিণত হয়েছে। মোবাইল এসএমএস, ই-মেইল, ওয়েবসাইট, বিভিন্ন অ্যাপ বা গুগল ডক ব্যবহার করে হরহামেশাই বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রচারণা চালাচ্ছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। অথচ কোনো প্রতিষ্ঠানেরই এসব তথ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তার নির্দিষ্ট জনবল ও নীতিমালা নেই। ডিজিটাল বিপণন এবং তথ্যবিজ্ঞান নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের কাছে এ তথ্য বেশ মূল্যবান। ফলে ভোক্তার তথ্য গোপনে কেনাবেচা হওয়ার ঝুঁকিও থাকে অনেক বেশি। এসব তথ্যের ওপর ভিত্তি করে ব্যক্তির ওপর নজরদারিও করা যায়। শুধু তা–ই নয়, সাইবার অপরাধীরা চাইলে অন্য কোনো ব্যক্তির নাম, ঠিকানা, পাসপোর্ট বা পরিচিতিসংখ্যা ব্যবহার করে বড় ধরনের ক্ষতিও করতে পারেন।

ই-কমার্স খাতে বাজার বড় হলেও আমরা এখনো ভোক্তার অর্থ ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট (স্পেসএক্স), ভার্চ্যুয়াল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) ও ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ব্যবহার শুরু হবে। এ কারণে গ্রাহকের অর্থ ও তথ্যের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা খুব জরুরি।
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য ভোক্তাদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য জমা দিতে হয়। ভোক্তাদের তথ্যের অপব্যবহার রোধে ১৩৫টি দেশে আইন রয়েছে। এর মধ্যে শক্তিশালী দুটি আইন হলো যুক্তরাষ্ট্রের ‘ক্যালিফোর্নিয়া কনজ্যুমার প্রাইভেসি অ্যাক্ট-২০১৮’ (সিসিপিএ) ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য ‘জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন’ (জিডিপিআর)। ডিজিটাল নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হয়েছে এসব আইনে। ফেসবুক, গুগল বা আমাজনের মতো প্রতিষ্ঠানগুলো এ দুটি আইনকে সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকে।

জিডিপিআরে বলা হয়েছে, ভোক্তা যে উদ্দেশ্যে তথ্য দেবেন, শুধু সে উদ্দেশ্যেই তথ্যগুলো ব্যবহার করতে হবে। কোনো ভোক্তা চাইলেই তাঁর দেওয়া তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারবেন এবং ওই প্রতিষ্ঠান তা করতে বাধ্য। ভোক্তার তথ্য কোথায়, কী কাজে ব্যবহার করা হবে, তা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই উল্লেখ করতে হবে। ভোক্তার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বা অপব্যবহার করলে প্রতিষ্ঠানগুলোকে বড় ধরনের জরিমানা দিতে হয়।

বাংলাদেশ অনেক দিন আগে থেকেই বৈশ্বিক তথ্য সুরক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। এ জন্য ইউরোপের ‘কাউন্সিল অব ইউরোপ’-এ ১৯৮১ সালের কনভেনশনে স্বাক্ষরও করেছে বাংলাদেশ। ফলে আমাদের দেশে প্রতিবছরের ২৮ জানুয়ারি তথ্য সুরক্ষা দিবস পালন করা হয়। দিবস পালিত হলেও এ বিষয়ে বাংলাদেশে এখনো কোনো আইন করা হয়নি।

২০০১ সালের ‘বাংলাদেশ টেলিযোগাযোগ আইন’ (২০১০ সালে সংশোধিত হয়েছে) থাকলেও এতে মূলত মুঠোফোনের কথোপকথন ও আড়ি পাতার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু ভোক্তার ব্যক্তিগত তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা হয়নি। এরপর চালু করা হয় ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’। বর্তমানে ‘পারসোনাল ডেটা প্রটেকশন অ্যাক্ট’–এর খসড়া তৈরি করা হয়েছে। কিন্তু এই দুটি আইনেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তথ্যের ব্যবহারকে প্রাধান্য দেওয়া হয়েছে। আইন দুটিতে তথ্যের নিরাপত্তার বিষয়কে প্রাধান্য না দেওয়ায় ভোক্তারা এ আইনে তেমন সুবিধা পান না। এ জন্য ভোক্তার তথ্যের নিরাপত্তা নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীন একটি স্বতন্ত্র নীতিমালা হওয়া জরুরি।

লেখক: নির্বাহী পরিচালক, কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)