ই-কমার্সে ভ্যাট চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে বাজেটে প্রস্তাবিত চার শতাংশ ভ্যাট প্রত্যাহার করা না হলে অর্ধেকের বেশি দেশি ই-কমার্স প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছে বেসিসের সভাপতি শামীম আহসান। আজ মঙ্গলবার বেসিস সভাকক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ই-কমার্স অ্যালায়েন্স আয়োজিত ‘বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

ই-কমার্সের ভ্যাট প্রত্যাহার বিষয় নিয়ে এই প্রতিক্রিয়ায় অংশ নেন বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের আহ্বায়ক ফাহিম মাশরুর। এ ছাড়া এই আয়োজনে অংশ নেন বেবিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পল, বেসিস কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীসসহ একাধিক ই-কমার্সের উদ্যোক্তা ও ই-কমার্স সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বাজেট প্রতিক্রিয়ার এই অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেটে অনলাইনে পণ্য ও সেবা বিক্রি ও সরবরাহে যে চার শতাংশ ভ্যাট ধরা হয়েছে তা প্রত্যাহার করার আহ্বান জানান বক্তারা। এ ছাড়া ভ্যাট আরোপ করা হলে ই-কমার্সে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়বে সে বিষয়টি তুলে ধরেন তাঁরা।

বেসিস ই-কমার্স অ্যালায়েন্স আয়োজিত ‘বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক এক আলোচনায় ই-কমার্সের ওপর ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।
বেসিস ই-কমার্স অ্যালায়েন্স আয়োজিত ‘বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক এক আলোচনায় ই-কমার্সের ওপর ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।

শামীম আহসান বলেন, ই-কমার্স একটি বিকাশমান খাত। সরকারের উচিত এই খাতে প্রণোদনার ব্যবস্থা করা। বেশির ভাগ দেশি ই-কমার্স প্রতিষ্ঠান ভর্তুকিতে চলছে। সঠিক অবস্থা বিবেচনা না করে চার শতাংশ কর ধার্য করা হলে ই-কমার্স উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে সরে যাবেন। ক্রেতারা অনলাইন কেনা কাটায় ভ্যাটের কারণে আগ্রহ হারাবেন। তরুণ উদ্যোক্তা তৈরির কাজ বাধাগ্রস্ত হবে। এই খাতটি উন্নয়নের জন্য কমপক্ষে পাঁচ বছর করের আওতামুক্ত রাখা উচিত। উন্নত দেশগুলোতেও ই-কমার্সের ওপর কোনো কর ধার্য করা হয় না। আমাদের সেই উদাহরণ অনুসরণ করে আরও বেশি উদ্যোক্তা তৈরির সুযোগ রাখা উচিত। ই-কমার্স খাতকে গতিশীল করতে ভ্যাটমুক্ত রাখার প্রস্তাব দিয়েছে বেসিস। অর্থমন্ত্রী চূড়ান্ত বাজেটে এই বিষয়টি বিশেষভাবে দেখবেন বলে আশা করেন বেসিস প্রেসিডেন্ট।
ফাহিম মাশরুর বলেন, চারটি কারণে সরকারের এই খাতকে ভ্যাটের আওতামুক্ত রাখা উচিত। কারণগুলো হচ্ছে-ভ্যাট আরোপ করা হলে সম্ভাবনাময় এই খাতটি বাধাগ্রস্ত হবে, অন্যান্য ব্যবসার সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না, ডিজিটাল কমার্সের ক্ষেত্রটি বিস্তৃত হবে না যা ই-গর্ভনেন্সকে বাধাগ্রস্ত করবে। মাত্র তিন-চার কোটি টাকা ভ্যাটের জন্য একটি খাত ধ্বংসের মুখে চলে যাবে। তাই এই খাতটিকে বাঁচাতে ভ্যাট প্রত্যাহার করা উচিত।
হাবিবুল্লাহ এন করিম বলেন, ই-কমার্সের কল্যাণে নতুন উদ্যোক্তা তৈরিসহ লাখ লাখ কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে। সরকারের উচিত খাতটিকে প্রণোদনা দেওয়া, স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করা। সরকার শুধু ল্যাপটপ কেনা বা হার্ডওয়্যার ক্রয়কেই ডিজিটাল হিসেবে বোঝে যা ঠিক নয়। সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের ক্ষেত্রেও গুরুত্ব বাড়ানো উচিত।
রাসেল টি আহমেদ বলেন, সরকারের উচিত ই-কমার্স খাতকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া। কারণ এতে সামাজিক প্রভাবও বাড়ে।
প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী আশিকুল আলম খান বলেন, অনলাইনে যে ভ্যাট দেওয়া লাগে তা শুনলেই ক্রেতারা মুখ ফিরিয়ে নেবে। প্রতিষ্ঠানগুলো এখন পণ্য সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। বাড়তি করের বোঝা চাপলে ব্যবসা করা কঠিন হয়ে যাবে।
ফাহিম মাশরুর প্রথম আলোকে বলেন, এখন প্রতি বছর অনলাইনে ই-কমার্স থেকে যে পরিমাণ লেনদেন হয় তা বড়জোর একশো কোটি টাকা হতে পারে। এই চার শতাংশ কর আরোপ করলে সরকারের রাজস্ব হিসেবে মাত্র তিন থেকে চার কোটি টাকা আসবে যা খুবই নগণ্য। কিন্তু এতে ক্ষতির পরিমাণ হবে বেশি। অনেক দেশি ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নেবে। এই ক্ষেত্রটিতে যে তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে তা বাধাগ্রস্ত হবে। পরিপূর্ণ বিকাশ হওয়ার আগে তাই এই ক্ষেত্রটিতে ভ্যাট আরোপ করা উচিত নয়।