ই-টেন্ডার চালুর আগে সচেতনতা তৈরি করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপদ অধিদপ্তর, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কার্যক্রমে ইলেকট্রনিক দরপত্র ব্যবস্থা (ই-টেন্ডারিং) চালু হচ্ছে। এ প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ের ইমপ্লিমেনটেশন মনিটরিং ও ইভ্যালুয়েশন ডিভিশনের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বাস্তবায়ন করছে। এতে চারটি সংস্থার ২০টি এজেন্সিতে ই-টেন্ডারিং কার্যক্রম চালু হবে। এ কার্যক্রম জেলা পর্যায়ে তুলে ধরতে ৬৪ জেলায় সরকারি ক্রয়বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে কর্মশালার আয়োজন করা হয়েছে। এর আওতায় পঞ্চম জেলা হিসেবে গতকাল মঙ্গলবার গাজীপুর জেলার পৌর বঙ্গতাজ মিলনায়তনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মো. আবদুল মালেক বলেন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কেনাকাটা আইন সংশোধন করা হয়েছে। সরকারি কেনাকাটার ক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যে ই-টেন্ডার প্রক্রিয়া চালু করা হবে। কর্মশালায় ই-প্রকিউরমেন্ট ও ই-টেন্ডারের নানা বিষয় সবার মাঝে তুলে ধরা হচ্ছে। কর্মশালায় উপস্থিত ছিলেন সিপিটিইউর পরিচালক কাজী জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন মজুমদার, কর্মশালার আয়োজক বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের (বিসিসিপি) পরিচালক মোহাম্মদ শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী ফখরুদ্দিন আহমেদসহ অনেকে। স্থানীয় প্রশাসন, সরকারি ক্রয়কারী সংস্থাগুলোর প্রতিনিধি, অন্যান্য প্রতিষ্ঠান, ঠিকাদার শ্রেণী, সুশীলসমাজ ও সংবাদমাধ্যম—এ ছয় শ্রেণী ও পেশার ব্যক্তিরা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় জেলার কেনাকাটা বিষয়ক আগের কর্মকাণ্ড, পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম (পিপিআর) বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতের পরিকল্পনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এসব আলোচনার পাশাপাশি ই-টেন্ডারের নানা বিষয় তুলে ধরেন পিপিআরপি-২ এর উপদেষ্টা এ কে এম ফজলুল করিম ও বিসিসিপির বাদল হালদার। সিপিটিউর যোগাযোগ পরামর্শক শফিউল আলম জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায়ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে এ ধরনের কর্মশালা করা হবে। ই-প্রকিউরমেন্ট ও ই-টেন্ডার কার্যক্রমে সফটওয়্যার সহায়তা দিচ্ছে জিএসএস অ্যামেরিকান ইনফোটেক এবং দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান দোহাটেক লিমিটেড। —নুরুন্নবী চৌধুরী