ই-টেন্ডারিং শুরু হচ্ছে আগস্ট থেকে
আগামী আগস্ট মাস থেকেই ই-টেন্ডারের মাধ্যমে সরকারি কেনাকাটার দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হচ্ছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অন্যতম উদ্যোগ ইলেকট্রনিক পদ্ধতিতে সরকারি ক্রয়, অর্থাৎ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পরিচালনা করা। এ পদ্ধতিতে ইন্টারনেটে বসে সরকারি ক্রয় কার্যক্রমে সহজে অংশ নেওয়া যাবে। ফলে সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। ই-জিপি বাস্তবায়নের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের আওতায় কাজ করছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)।সিপিটিইউয়ের মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ বলেন, ‘ই-টেন্ডার নিয়ে আমরা শতভাগ আশাবাদী। এতে সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণের সুযোগ পাবে। আজ (বৃহস্পতিবার) পর্যন্ত ৮২ জন ঠিকাদার ও পরামর্শক, ২৭টি সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠান ই-টেন্ডারে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছে। এ ছাড়া ৩০টির মতো প্রতিষ্ঠানের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।’সিপিটিইউর যোগাযোগ পরামর্শক সফিউল আলম জানান, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড—এই চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট সরকারি ক্রয়ের প্রায় ৮০ শতাংশ অর্থ ব্যয় হয়। তাই প্রাথমিকভাবে এই চারটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে শুরু হচ্ছে ই-টেন্ডার কার্যক্রম।’গত ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইজিপি পোর্টালের (www.eprocure.gov.bd)। এর পর থেকেই মূলত ঠিকাদার, সরবরাহকারী, পরামর্শক, ওই চারটি প্রতিষ্ঠানের ক্রয়কারী অফিসগুলোর জন্য নিবন্ধন উন্মুক্ত রয়েছে। সিপিটিইউ থেকে জানা যায়, ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গোপালগঞ্জ, নাটোর অঞ্চলের অধিকাংশ প্রতিষ্ঠান নিবন্ধন সম্পন্ন করেছে। অন্যদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের নতুন দরপত্র আহ্বানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তাই সবকিছু ঠিক থাকলে আগস্ট মাসেই নির্দিষ্ট নিবন্ধিত অঞ্চলের ই-টেন্ডার প্রক্রিয়ায় দরপত্র আহ্বান করা হবে।ই-টেন্ডারিংয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপর যে ওয়েব পেইজ খুলবে, সেখানে নিজস্ব ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড, জাতীয়তা ইত্যাদি সব তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে পাঠাতে হবে। এরপর অনুমোদিত ব্যাংকের নির্দিষ্ট শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে তার সংশ্লিষ্ট কাগজপত্র স্ক্যান করে মেইলে পাঠাতে হবে। এরপর সব প্রক্রিয়া শেষে নিবন্ধন সম্পন্ন হবে। নিবন্ধন শেষে আবেদনকারীর মেইলে এবং মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পৌঁছে যাবে। এরপর প্রতিবছর শুধু নির্দিষ্ট নবায়ন ফি দিতে হবে।এ প্রক্রিয়ায় দরপত্র আহ্বান কতটা নিরাপদ—এ প্রশ্নের জবাবে অমূল্য কুমার দেবনাথ বলেন, ‘সম্পূর্ণ নিরাপদ। কেননা দরপত্র জমাদানের সময় শেষ হওয়ার পরই কেবল দরপত্র উন্মুক্তকরণ কমিটি ডেটাবেইসে নিরাপদে থাকা দরপত্রে প্রবেশ করতে পারবে। দরপত্র উন্মুক্তকরণ কমিটির সদস্য, ক্রয়কারী সংস্থা, ই-জিপি প্রশাসক কিংবা দরদাতা নিজে অন্যান্য অংশগ্রহণকারী বা জমাকৃত দরপত্রের ভেতরে কী আছে, তা কোনোভাবেই জানতে পারবে না।’বিশ্বব্যাংকের অর্থায়নে পাবলিক প্রকিউরমেন্ট রিফার্ম প্রজেক্ট-২-এর আওতায় সরকার দেশে ই-টেন্ডারিং চালু করেছে। —ইমাম হাসান