সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশে ব্যবহূত ইলেকট্রনিকস পণ্য এক সময় তৈরি করছে ই-বর্জ্য। এখনই ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। আর ই-বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সবার সচেতনতা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সবার আগে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীতে আয়োজিত ‘টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপন: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি.নেট) আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার বলেন, ই-বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এখনো তেমন ভালো কোনো পদক্ষেপ না থাকলেও এ ব্যাপারে কাজ চলছে। পরিবেশ রক্ষা করার জন্য নিজেদের যেমন পরিবর্তন প্রয়োজন, তেমনি প্রয়োজন সচেতনতা। এ জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ এগিয়ে চলছে। সেমিনারে সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা কামাল ফারুকসহ উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি ব্যাংকের প্রতিনিধিরা বক্তব্য দেন। সেমিনারে সভাপতিত্ব করেন ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান। মূল প্রবন্ধ পড়েন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ। তিনি ই-বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, কী কী করণীয় এসব বিষয় তুলে ধরেন।বক্তারা বলেন, ই-বর্জ্য ব্যবস্থাপনার শুরুতে ব্র্যান্ডহীন পণ্য আমদানি ও উৎপাদন নিয়ন্ত্রণ করতে হবে। মোবাইল ফোন, সিএফএল বাল্ব, কম্পিউটার মনিটর ইত্যাদির কারণে যে পরিমাণ ই-বর্জ্য হচ্ছে, সেগুলো ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নিতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকসহ করপোরেট প্রতিষ্ঠানগুলো নিজেদের সামাজিক দায়বদ্ধতার কাজ হিসেবে এ ব্যাপারে কাজ করতে পারে। তবে সরকারের আন্তরিক উদ্যোগ সবার আগে প্রয়োজন এবং এর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। —নুরুন্নবী চৌধুরী