‘আমি স্বপ্ন দেখি ই-বাংলাদেশের। আমার স্বপ্নের বাংলাদেশে উন্নত ও নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হবে।’ কথাগুলো গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদিদ আলমের।সাদিদ গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছেন।এ ছাড়া গতকাল রংপুর, কিশোরগঞ্জের ভৈরব, মৌলভীবাজারের কমলগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া ও খাগড়াছড়িতে ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়।গোপালগঞ্জ: সকালে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এম এ হাই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। এ সময় বন্ধুসভার বন্ধুরা জাতীয় সংগীত পরিবেশন করেন।উৎসব উপলক্ষে সকাল থেকে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে ছিল উৎসবের আমেজ। সকাল সাতটা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা দল বেঁধে উৎসবে যোগ দিতে আসেন। প্রায় দুই হাজার শিক্ষার্থী ইন্টারনেট উৎসবে যোগ দেন।অধ্যক্ষ এম এ হাই বলেন, প্রথম আলো ও গ্রামীণফোন ইন্টারনেট উৎসব আয়োজনের মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা করল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক (খুলনা অঞ্চল) অমিতাভ চন্দ্র দাস ও প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহা বাপী।উৎসবে অধ্যক্ষ এম এ হাইয়ের হাতে ইন্টারনেট মডেম তুলে দেন গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ তৌহিদুর রহমান। পরে অতিথিরা আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।রংপুর: সকালে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ কে এম জালাল উদ্দিন আকবর জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি উৎসবের উদ্বোধনী ঘোষণা দেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, গ্রামীণফোনের রংপুরের এরিয়া ম্যানেজার মো. আবু বক্কর সিদ্দিকী, প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক।উৎসবের উদ্বোধনী বক্তৃতায় অধ্যক্ষ কে এম জালাল উদ্দিন আকবর বলেন, ‘এই উৎসব অবশ্যই তরুণ প্রজন্মের জ্ঞানচর্চার বিকাশে সহায়ক হবে।’ গ্রামীণফোন রংপুরের এরিয়া ম্যানেজার মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।রংপুরে আই-জিনিয়াস নির্বাচিত হন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তানভীর হাসান।ভৈরব: ভৈরব পৌর শহরের কেবি পাইলট উচ্চবিদ্যালয়ে ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীত আর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ইন্টারনেট উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভৈরব কেবি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।আলোচনায় অংশ নেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম, শিক্ষানুরাগী মো. সায়দুল্লাহ মিয়া, জিল্লুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, গ্রামীণফোনের কুমিল্লা অঞ্চলের প্রধান মোহাম্মদ জুবের আহমদ।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় ভৈরব কেবি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র গোলাম ইসতিয়াক।খাগড়াছড়ি: ইন্টারনেট উৎসব উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ মুহা. জয়নাল আবেদীন, গ্রামীণফোনের প্রতিনিধি সোহেল রানা ও প্রথম আলোর খাগড়াছড়ি প্রতিনিধি সৈকত দেওয়ান।উদ্বোধনী বক্তৃতায় অধ্যক্ষ দিলীপ কুমার দাশ বলেন, ‘আমরা ইন্টানেটের ভালো দিকটি নেব, কখনো খারাপ দিকটি নেব না।’ উপাধ্যক্ষ মুহা. জয়নাল আবেদীন বলেন, ‘এই ইন্টারনেট উৎসব শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলবে।’ গ্রামীণফোনের প্রতিনিধি সোহেল রানা বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মো. ফজলে আলম।কমলগঞ্জ: গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত হয় গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব।প্রচণ্ড গরম উপেক্ষা করে উপজেলার তিনটি কলেজ ও ছয়টি উচ্চবিদ্যালয়ের দুই হাজারেরও বেশি শিক্ষার্থী উৎসবে যোগ দেন।সকালে সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. মুর্শেদুর রহমান ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন।এরপর গ্রামীণফোনের সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক (সেলস) এ এস এম হেদায়েতুল হক, প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বক্তব্য দেন। কমলগঞ্জে আই-জিনিয়াস নির্বাচিত হয় এ এ টি এম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মিখা পিরেগু।কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ইন্টারনেট উৎসবের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর বাহাদুর। উৎসবে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ।গ্রামীণফোন বরিশাল অঞ্চলের এরিয়া ম্যানেজার শেখ বরকত উল্লাহ বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে ইন্টারনেটের শিক্ষায় আলোকিত করে তোলা আমাদের দায়বদ্ধতার মধ্যেই পড়ে। এ লক্ষ্যে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব যাত্রা শুরু করেছে।’ উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র অভিষেক মুখার্জি।গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের সহযোগী অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। উৎসবে সার্বিক সহযোগিতা করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, রংপুর, নিজস্ব প্রতিবেদক, ভৈরব, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, কমলগঞ্জ (মৌলভীবাজার) ও কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি}